দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের ‘নৃশংসতা’ নিয়ে দায়ের করা আবেদনের জরুরি শুনানির আবেদন নাকচ করেছেন ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত।
বুধবার (২২ জুলাই) প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চে মামলাটি জরুরি ভিত্তিতে তালিকাভুক্ত করার আবেদন করেন আবেদনকারীর আইনজীবী।
শুনানির সময় আইনজীবী আদালতকে জানান, গত সোমবার যন্তর মন্তরে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশ অতিরিক্ত বলপ্রয়োগ করেছে। তিনি বলেন, আবেদনে তিনটি প্রার্থনা রয়েছে এবং ঘটনার ভিডিও প্রমাণও তার কাছে রয়েছে।
আইনজীবী আদালতকে অনুরোধ করে বলেন, পুলিশের কথিত নৃশংসতার ভিডিও রয়েছে এবং শিক্ষার্থীরা এখনও ঘটনাস্থলে অবস্থান করছেন। তাই বিষয়টি দ্রুত শুনানির জন্য তালিকাভুক্ত করা প্রয়োজন।
তবে প্রধান বিচারপতি সূর্য কান্ত এ অনুরোধ প্রত্যাখ্যান করে বলেন, আদালত ভিডিও দেখতে আগ্রহী নয় এবং ভিডিও দেখার জন্য তাদের সময় নেই।
পরে আইনজীবী আবারও ভিডিওর প্রসঙ্গ তুলে ধরে দাবি করেন, শিক্ষার্থীদের মারধর করা হয়েছে। জবাবে প্রধান বিচারপতি বলেন, ‘আমাদের সময় নষ্ট করবেন না। আমরা কোনো ভিডিও দেখতে চাই না।’
উল্লেখ্য, এর আগে প্রধান বিচারপতি সূর্য কান্তের একটি মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা হয় এবং সেই মন্তব্য থেকেই ‘তেলাপোকা জনতা পার্টি’ নামটি আলোচনায় আসে।
শীর্ষনিউজ