Image description

কুয়েতে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় নতুন করে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। তাদের দাবি, এ হামলা কুয়েতের জনগণের বিরুদ্ধে নয়, বরং ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের জবাবে প্রতিশোধমূলকভাবে চালানো হয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসির দাবি অনুযায়ী কুয়েতের আলি আল-সালেম বিমানঘাঁটিতে মার্কিন সামরিক সরঞ্জামের একটি বড় গুদাম, একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং এমকিউ-৯ ড্রোনের একটি হ্যাঙ্গার লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

এ ছাড়া আল-আদিরি ব্যারাকে মার্কিন বাহিনীর আবাসন এলাকা এবং দুটি হেলিকপ্টার হ্যাঙ্গারেও হামলা চালানোর দাবি করেছে আইআরজিসি। তাদের ভাষ্য অনুযায়ী, এসব হামলায় হতাহতের ঘটনা ঘটেছে এবং হেলিকপ্টার ও ড্রোনের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।

আইআরজিসি আরও দাবি করেছে, ইরানের একটি টেলিযোগাযোগ টাওয়ারে মার্কিন হামলার জবাবে তারা একটি টেলিযোগাযোগ স্থাপনাও লক্ষ্য করে হামলা চালিয়েছে।

তবে আইআরজিসির এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা কুয়েতের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা স্বাধীনভাবে যাচাই করা তথ্য পাওয়া যায়নি।

শীর্ষনিউজ