আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর নিয়োগের সমালোচনা করে বিএনপিকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি অভিযোগ তুলেছেন, আওয়ামী লীগকে নিষ্কৃতি দেওয়া এবং ‘খুনিদের’ সঙ্গে আঁতাত করতেই বিএনপি নিজেদের এক ‘পালকপুত্রকে’ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর পদে বসিয়েছে।
বুধবার (২২ জুলাই) বিকালে কুড়িগ্রাম শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপি আয়োজিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে তিনি এসব মন্তব্য করেন।
ট্রাইব্যুনালের প্রসিকিউশন পরিবর্তন নিয়ে প্রশ্ন তুলে পাটওয়ারী বলেন, “ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল। সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের নেতৃত্বে যেখানে একটি সুন্দর ও সুষ্ঠু বিচারালয় প্রতিষ্ঠা হওয়ার কথা ছিল, সেখান থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। উদ্দেশ্য পরিষ্কার— আওয়ামী লীগকে নিষ্কৃতি দেওয়া ও খুনিদের সঙ্গে আঁতাত করা। সে জন্য বিএনপি ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিজেদের পছন্দসই লোককে নিয়োগ দিয়েছে।”
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের বিচারে বাধা সৃষ্টি করার জন্য বিএনপির নেতাকর্মীদের ‘মামলা বাণিজ্য’কে দায়ী করেন এনসিপির এই শীর্ষ নেতা। তিনি অভিযোগ করে বলেন, “যে তরুণ ও শহীদরা জীবন দিয়ে দেশকে স্বাধীন করলো, তাদের খুনিদের বাঁচানো হচ্ছে। থানার মাধ্যমে এক লাখ, দুই লাখ বা তিন লাখ টাকার বিনিময়ে বিএনপির ভাইয়েরা সেই খুনিদের থানা থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছে।”
বিএনপির বর্তমান কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি আরও বলেন, “আবু সাঈদ ও শহীদ ওয়াসিমের রক্তের ওপর দাঁড়িয়ে বাংলাদেশে কোনও চাঁদাবাজি বা সন্ত্রাসী কর্মকাণ্ড হতে দেওয়া হবে না— এমনটাই প্রত্যাশা ছিল। কিন্তু বিএনপি জনগণের সেই স্বপ্ন ভঙ্গ করেছে। তারা ব্যাংক, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল-মাদ্রাসা ও মসজিদ কমিটির দখল নিয়ে নিয়েছে। যেসব ব্যবসায়ী ভেবেছিলেন ১৭ বছর পর শান্তিতে ব্যবসা করবেন, বিএনপি তাদের ওপর চেপে বসেছে।”
সংবিধান সংস্কার নিয়ে বিএনপির গঠিত কমিটির কড়া সমালোচনা করে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, “জনগণের প্রত্যাশা উসকে দিয়ে রাজপথ ও সংসদে স্বপ্নভঙ্গ করা হচ্ছে। তারেক রহমানের নেতৃত্বে তারা যে সংস্কার কমিটি করেছে, তার একমাত্র উদ্দেশ্য গত ৫৩ বছর ধরে চলে আসা ‘মুজিবীয় সংবিধান’, শেখ হাসিনার সংবিধান এবং ভারতীয় আধিপত্যবাদের সেই পুরনো শাসনতন্ত্রকে বাঁচিয়ে রাখা।”
বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “আপনারা যতই রক্তে ভেজা মুজিবীয় সংবিধান বুকে আঁকড়ে ধরতে চাইবেন, বাংলাদেশের সাধারণ জনগণ ততই ওই সংবিধানের বিরুদ্ধে ফুঁসে উঠবে।”
উল্লেখ্য, কুড়িগ্রামের এই পদযাত্রা সভায় এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন এমপি, যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদ এমপি এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ স্থানীয় শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।