Image description

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে টানা ২৩ দিন ধরে অনশনে থাকা ভারতীয় সমাজকর্মী সোনম ওয়াংচুক অবশেষে অনশন ভেঙেছেন। ইউনিয়ন মন্ত্রী জেপি নাড্ডার হস্তক্ষেপের পর আজ সোমবার (২০ জুলাই) বিকেলে তিনি তার আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। খবর দ্য ওয়ালের।

এর আগে ডিহাইড্রেশন, পটাশিয়ামের মাত্রা বিপজ্জনকভাবে কমে যাওয়া এবং কিটোনের মাত্রা বৃদ্ধির কারণে গত ১৮ জুলাই সোনম ওয়াংচুককে দিল্লির যন্তর মন্তর থেকে জোর করে তুলে নিয়ে গিয়ে সফদরজং হাসপাতালে ভর্তি করেছিল পুলিশ। কিন্তু হাসপাতালের বিছানাতেও চিকিৎসকদের দেওয়া স্যালাইন বা ওষুধ প্রত্যাখ্যান করে অনশন বজায় রেখেছিলেন ওয়াংচুক।

গতকাল রবিবার (১৯ জুলাই) ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি অ্যাংমো স্পষ্ট করে দিয়েছিলেন, সরকার বা রাজনৈতিক দলগুলো শিক্ষা ব্যবস্থার দায়বদ্ধতার বিষয়ে সুনির্দিষ্ট আশ্বাস না দিলে এই অনশন থামবে না। এরপর আজ সোমবার বাদল অধিবেশনের প্রথম দিনেই পরিস্থিতি অত্যন্ত জটিল রূপ নেয়।

সকাল ১২টায় আন্দোলনকারী এবং ককরোচ জনতা পার্টির প্রতিনিধি দলের পক্ষ থেকে প্রথম সরকারের কাছে আলোচনার প্রস্তাব পাঠানো হয়। পরে বিকেল ৪টায় কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে আন্দোলনকারী প্রতিনিধি দলের দফায় দফায় দীর্ঘ কয়েক ঘণ্টার আলোচনা চলে। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে চলা এই বৈঠকে প্রতিনিধিরা সরকারের কাছে তাদের লিখিত দাবি জমা দেন।

বিকেল সাড়ে ৪টায় বৈঠকের পরেই সরকারের তরফ থেকে পজিটিভ ইঙ্গিত মেলে এবং অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নেন ওয়াংচুক।