ইরানের সঙ্গে চলমান শান্তি আলোচনা ভেস্তে দিতে ইসরায়েলের অর্থায়নে একটি গোপন প্রচারণা পরিচালিত হচ্ছে বলে অভিযোগ করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বুধবার (১৫ জুলাই) জনপ্রিয় পডকাস্ট দ্য জো রোগান এক্সপেরিয়েন্স-এ দেওয়া সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন।
জেডি ভ্যান্সের অভিযোগ, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচার ব্যবস্থাপক ব্র্যাড পারস্কেলের নেতৃত্বাধীন একটি প্রতিষ্ঠান ইসরায়েল সরকারের অর্থায়নে এই প্রচারণা চালাচ্ছে। তাঁর দাবি, এর উদ্দেশ্য ট্রাম্প প্রশাসনের ইরান-সংক্রান্ত কূটনৈতিক উদ্যোগ এবং সম্ভাব্য শান্তি চুক্তিকে বাধাগ্রস্ত করা।
ভ্যান্স বলেন, যারা এই প্রচারণার সঙ্গে জড়িত, তারা ব্যক্তিগতভাবেও তাঁকে আক্রমণ করছে, কারণ তিনি ট্রাম্প প্রশাসনের নির্ধারিত আলোচনার লক্ষ্য বাস্তবায়নে কাজ করছেন।
তিনি টাইম ম্যাগাজিনের একটি সাম্প্রতিক প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে জানান, ব্র্যাড পারস্কেলের প্রতিষ্ঠান ‘ক্লক টাওয়ার এক্স’ গত বছরের সেপ্টেম্বর থেকে ইসরায়েলের পক্ষে বিভিন্ন প্রভাব বিস্তারমূলক কার্যক্রম পরিচালনা করছে। যুক্তরাষ্ট্রের ‘ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্ট (ফারা)’-সংক্রান্ত নথির ভিত্তিতে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, প্রচারণাটির আনুষ্ঠানিক উদ্দেশ্য ছিল ইহুদিবিদ্বেষ মোকাবিলা করা। তবে প্রকৃত লক্ষ্য ছিল তরুণ রক্ষণশীল মার্কিনিদের মধ্যে ইসরায়েলবিরোধী মনোভাব বিস্তার ঠেকানো।
প্রতিবেদন অনুযায়ী, গত মাসে ইরান যুদ্ধ অবসান-সংক্রান্ত সমঝোতা স্মারকের সমালোচনায় সামাজিক যোগাযোগমাধ্যমে যে সমন্বিত প্রচারণা চালানো হয়েছিল, সেটিও এই কার্যক্রমের অংশ ছিল বলে দাবি করা হয়েছে।
তবে ব্র্যাড পারস্কেল এসব অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, তাঁদের প্রচারণার মূল লক্ষ্য ছিল তরুণদের মধ্যে ইসরায়েলবিরোধী মনোভাব কমানো। ট্রাম্প প্রশাসনের কূটনৈতিক উদ্যোগে বাধা সৃষ্টি করা তাদের উদ্দেশ্য ছিল না।
মধ্যপ্রাচ্য নীতি ও ইসরায়েলকে সমর্থনের প্রশ্নে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে বর্তমানে স্পষ্ট মতপার্থক্য দেখা যাচ্ছে। এদিকে জেডি ভ্যান্সের অভিযোগের বিষয়ে ইসরায়েলি কর্মকর্তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
বিশ্লেষকদের মতে, ভাইস প্রেসিডেন্টের এ মন্তব্য ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যকার কূটনৈতিক সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে।
শীর্ষনিউজ