২০২৬ বিশ্বকাপের ফাইনালের আগে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির জন্য এলো বড় সুখবর। ব্যালন ডি’অর কর্তৃপক্ষ স্পষ্ট করে জানিয়েছে, বিশ্বের সেরা ফুটবলারের এই মর্যাদাপূর্ণ পুরস্কার জিততে ইউরোপের কোনো ক্লাবে খেলার প্রয়োজন নেই। ফলে ইন্টার মায়ামিতে খেললেও নবম ব্যালন ডি’অর জয়ের দৌড়ে মেসির সম্ভাবনা অক্ষুণ্ন রয়েছে।
বিশ্বকাপ শেষ হতে বাকি মাত্র দুটি ম্যাচ। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের পর ফাইনালে শিরোপা ধরে রাখার লক্ষ্যে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরই মধ্যে ব্যালন ডি’অর নিয়ে আলোচনা নতুন মাত্রা পেয়েছে। এমন সময় আয়োজক কর্তৃপক্ষ এক বিবৃতিতে পুরস্কারটি নিয়ে প্রচলিত একটি ধারণা পরিষ্কার করেছে।
শুরুতে ব্যালন ডি’অর শুধু ইউরোপীয় লিগে খেলা ইউরোপীয় ফুটবলারদের দেওয়া হতো। ১৯৯৫ সালে পুরস্কারটি আন্তর্জাতিক করা হলেও তখনও ইউরোপের কোনো ক্লাবে খেলার শর্ত ছিল। তবে ২০০৭ সাল থেকে সেই নিয়ম তুলে দেওয়া হয়। এরপর থেকে বিশ্বের সেরা ফুটবলারকেই এই পুরস্কার দেওয়া হচ্ছে।
ব্যালন ডি’অর কর্তৃপক্ষ তাদের বিবৃতিতে জানায়, 'ইউরোপের বাইরে খেলে কোনো ফুটবলারের ব্যালন ডি’অর জেতা বাস্তবসম্মত কি না, তা বোঝার জন্য আমরা গত ১৮টি আসর বিশ্লেষণ করেছি। ২০০৭ সালে কাকা, ২০০৮ সালে ক্রিশ্চিয়ানো রোনালদো এবং ২০০৯ সালে লিওনেল মেসি—তিনজনই সে বছর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলেন, যেটিকে ক্লাব ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা হিসেবে ধরা হয়। লুকা মদরিচ, করিম বেনজেমা, রদ্রি এবং উসমান দেম্বেলেও যখন ব্যালন ডি’অর জিতেছেন, তখন সবাই ইউরোপের ক্লাবেই খেলছিলেন।'
এরপর তারা আরও জানায়, 'মাত্র একজন ফুটবলার ইউরোপের বাইরে খেলার সময় ব্যালন ডি’অর জিতেছেন—লিওনেল মেসি। ২০২৩ সালের ৩০ অক্টোবর অনুষ্ঠিত ৬৭তম ব্যালন ডি’অর অনুষ্ঠানের সময় আর্জেন্টাইন তারকা ইতোমধ্যেই ইন্টার মায়ামির হয়ে খেলছিলেন। এর মাধ্যমে আটবারের বিজয়ী মেসিই প্রথম পুরুষ ফুটবলার হিসেবে ইউরোপের বাইরের কোনো ক্লাবের প্রতিনিধিত্ব করে এই পুরস্কার জেতেন।'
সবশেষে আয়োজকরা জানায়, 'ব্যালন ডি’অরের ক্ষেত্রে কিছুই অসম্ভব নয়।' তারা আরও যোগ করে, 'প্রযুক্তিগতভাবে, যেকোনো ফুটবলারই এই পুরস্কার জিততে পারেন।'
এই ব্যাখ্যার পর নতুন করে আলোচনায় উঠে এসেছেন মেসি। ৩৯ বছর বয়সী এই আর্জেন্টাইন তারকা এবারের বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন। সাত ম্যাচে করেছেন আট গোল, পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও চারটি গোল। তার নেতৃত্বেই টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ফাইনালে ভালো করতে পারলে নবম ব্যালন ডি’অর জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে যেতে পারেন আটবারের এই পুরস্কারজয়ী ফুটবলার।