Image description

রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিতে একটি বিল পাস করার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে সমঝোতায় পৌঁছেছেন চার মার্কিন সিনেটর। শিগগিরই আইনটির বিস্তারিত প্রকাশ করা হবে।

ওয়াশিংটনে এক যৌথ বিবৃতিতে সিনেটর রিচার্ড ব্লুমেনথাল, লিন্ডসে গ্রাহাম, জিন শাহীন এবং রজার উইকার এই অগ্রগতির কথা নিশ্চিত করেছেন।

বিবৃতিতে সিনেটররা উল্লেখ করেন, ইউক্রেনে বেসামরিক নাগরিকদের ওপর হামলা অব্যাহত রাখায় মস্কোর ওপর চাপ বাড়াতে আইনসভা ও নির্বাহী বিভাগের একসঙ্গে কাজ করা এখন সময়ের দাবি। এতে রাশিয়ার তেল ও গ্যাস কিনে দেশটির যুদ্ধ প্রচেষ্টায় সহায়তা করা দেশগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার সুযোগ হবে।

তবে এই সমঝোতার বিষয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

কয়েক মাস ধরে রিপাবলিকান ও ডেমোক্র্যাট দলের সদস্যদের নিয়ে তৈরি করা এই আইনের মূল উদ্দেশ্য ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনা করতে রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করা।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার হামলার পর থেকেই মস্কোর বিরুদ্ধে বিভিন্ন নিষেধাজ্ঞা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা।

এদিকে সম্প্রতি আঙ্কারায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন ডোনাল্ড ট্রাম্প। এই বৈঠকের পরিবেশ ও সুর ছিল ট্রাম্পের পূর্ববর্তী অবস্থানের সম্পূর্ণ বিপরীত। আগে তিনি জেলেনস্কিকে ‘অকৃতজ্ঞ’ বলে কঠোর সমালোচনা করেছিলেন। তবে গত বুধবার মন্তব্য করেন, তাদের দুজনের মধ্যে ‘খুব ভালো’ সম্পর্ক তৈরি হয়েছে এবং মস্কো ও কিয়েভ উভয়ই যুদ্ধের অবসান চায়।