Image description

বিশ্বকাপ এলেই আর্জেন্টিনাজুড়ে ফুটবল উন্মাদনা নতুন মাত্রা পায়। জাতীয় দলের প্রতি সমর্থকদের ভালোবাসা এবার দেখা গেল এক ভিন্ন রূপে।

বুয়েনস আইরেসের রাস্তায় আর্জেন্টিনার জার্সি গায়ে একদল কুকুরকে নিয়ে হাঁটতে বের হন এক কুকুর-পরিচর্যাকারী। ব্যতিক্রমী এই দৃশ্য মুহূর্তেই পথচারীদের দৃষ্টি কাড়ে, পরে ভিডিওটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

 

ভিডিওতে দেখা যায়, আকাশি-সাদা জার্সি পরা কুকুরগুলোর দলকে নিয়ে শহরের রাস্তায় হাঁটছেন তাদের পরিচর্যাকারী। দৃশ্যটি দেখে অনেকেই ছবি ও ভিডিও ধারণ করেন।

এরপরই তা দ্রুত ভাইরাল হয়ে যায়।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরা কুকুরগুলোর এই দলটির নাম দিয়েছেন ‘লা পেরোনেতা’।

নামটি এসেছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের জনপ্রিয় ডাকনাম ‘লা স্কালোনেতা’ থেকে। কোচ লিওনেল স্কালোনির নাম অনুসারেই দলটিকে এই নামে ডাকা হয়।

 

মজার বিষয় হলো, অনেক সমর্থকই বলছেন এই ‘চার পায়ের সমর্থকরা’ যেন আর্জেন্টিনার জন্য সৌভাগ্য বয়ে এনেছে। কারণ এখন পর্যন্ত বিশ্বকাপে দক্ষিণ আমেরিকার একমাত্র টিকে থাকা দল আর্জেন্টিনা জায়গা করে নিয়েছে কোয়ার্টার ফাইনালে।

লিওনেল মেসির নেতৃত্বে দারুণ ছন্দে থাকা বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা এবার শেষ চারের টিকিটের লড়াইয়ে মুখোমুখি হবে সুইজারল্যান্ডের। মাঠের লড়াইয়ের পাশাপাশি আর্জেন্টিনাকে ঘিরে সমর্থকদের এমন ব্যতিক্রমী ভালোবাসাও বিশ্বকাপের অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে।