Image description

ইরানের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ নগরী বন্দর আব্বাসে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা মেহর নিউজ।

হরমুজ প্রণালির তীরে অবস্থিত এই বন্দরনগরী কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থাপনায় নতুন করে বিমান হামলা চালিয়েছে। এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কয়েকটি বন্ধু দেশকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এতে উভয় পক্ষের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি হামলা শুরু হয়েছে, যা দু দেশের অন্তর্বর্তী চুক্তিকে হুমকির মুখে ফেলেছে।

এই হামলার কয়েক ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালিতে জাহাজের ওপর সাম্প্রতিক ইরানি হামলা যুদ্ধবিরতি শেষ করে দিয়েছে। তিনি সতর্ক করে বলেন, এসব হামলা বন্ধ না হলে সংঘাত আরও বাড়বে।

 
 

এর আগে, ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বুশেহর প্রদেশেই ইরানের একমাত্র সচল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র অবস্থিত।

 
 

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে বুশেহর পারমাণবিক স্থাপনাটি একাধিকবার হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল। এতে সম্ভাব্য পারমাণবিক দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয় এবং আন্তর্জাতিক মহলেও উদ্বেগ দেখা দেয়।