Image description

বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়া ও বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে কলকাতার শিয়ালদহ রেলস্টেশনের বাইরে প্রতিবাদ করেছে একদল লোক। বিক্ষোভটি করেছে ‘জাতির কথা’ নামে একটি অরাজনৈতিক হিন্দু সংগঠনের প্রায় ১২ জন সদস্য।

 

মঙ্গলবার (৭ জুলাই) বিক্ষোভকারী ‘ঢাকা মাঙ্গে আজাদি, রংপুর মাঙ্গে আজাদি, সিলেট মাঙ্গে আজাদি, খুলনা মাঙ্গে আজাদি, বরিশাল মাঙ্গে আজাদিসহ’ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের নাম ধরে হিন্দিতে স্লোগান দিতে থাকেন। যার অর্থ দাঁড়ায় ‘ঢাকা চায় স্বাধীনতা, রংপুর চায় স্বাধীনতা, সিলেট চায় স্বাধীতা, খুলনা চায় স্বাধীতা, বরিশাল চায় স্বাধীনতা’।

 

এ সময় সংগঠনটির নেতা জয়জিৎ ভট্টাচার্য তীব্র আক্রমণ করে বলেন, ‘বাংলাদেশি জিহাদিরা আমার দেশ থেকে বেরিয়ে যাও। নয়তো মারতে মারতে এখান থেকে তাড়াবো। এখানে তোদের কোন স্থান নেই। আমাদের মালাউন গো দেশে তোরা কেন আসিস? আমরা তো নোংরা, আমাদের বাড়িতে বাথরুম নেই। কত কিছু বলিস তোরা। তাহলে এখানে আসিস কেন চিকিৎসা করাতে।’ 

তিনি বলেন, রাজ্য সরকারকে বলছি, যারা ওপারে আমাদের (হিন্দু) হত্যা করে, ভারত ভাঙার স্বপ্ন দেখে, সেভেন সিস্টার্স ভাঙ্গার স্বপ্ন দেখে, তাদের কেন ভিসা দেওয়া হবে? আপনারা বলবেন মানবিকতা। কার সঙ্গে মানবিকতা। শত্রুর সঙ্গে কীসের মানবিকতা। এখানে চিকিৎসা করাবে তারপর তিনি গিয়ে হিন্দু বাড়িতে ধর্ষণ করবে। হিন্দুদের জোর করে গো মাংস খাওয়াবে। আবার অসুস্থ হয়ে ভারতে চিকিৎসা করাতে আসবে। এটা বন্ধ হওয়া দরকার।

 

জয়জিৎ ভট্টাচার্য বাংলাদেশের মোংলা বন্দর নিয়ে সমালোচনামূলক মন্তব্যও করেন। বিক্ষোভে দেওয়া বক্তব্যের অনেকগুলোতেই বাংলাদেশ, বাংলাদেশের নাগরিক এবং বিভিন্ন রাজনৈতিক পক্ষকে লক্ষ্য করে উসকানিমূলক ও বিদ্বেষমূলক মন্তব্য করা হয়। তবে এসব অভিযোগ বা বক্তব্যের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি।