মুম্বাইয়ে মহররমের শোভাযাত্রার সময় বড় ধরনের একটি দুর্ঘটনা অল্পের জন্য এড়ানো গেছে।
শোভাযাত্রার উপস্থিত জনগণকে বিষাক্ত ক্যাপসুল বিতরণের অভিযোগে ফয়্যাজ প্রেমজি নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ।
ক্যাপসুল খেয়ে ডজনখানেক মানুষ অসুস্থ হয়ে পড়লে বাইকুল্লা এলাকায় ওই ব্যক্তিকে আটক করা হয় বলে জানিয়েছে এনডিটিভি।
অভিযোগ অনুযায়ী, ক্যাপসুলগুলোর ইঁদুর মারার বিষ ও অন্যান্য কীটনাশকে ব্যবহৃত অত্যন্ত প্রাণঘাতী একটি রাসায়নিক যৌগ ছিল, যার নাম জিঙ্ক ফসফাইড।
সূত্রের দাবি, জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে প্রেমজি স্বীকার করেন, ওই দিন তিনি হাজার হাজার মানুষকে বিষপ্রয়োগ করে হত্যার পরিকল্পনা করেছিলেন।
আদালত শনিবার রাতে তাকে দুই দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে।
‘ভিড়ের মধ্যে বিষাক্ত ক্যাপসুল বিতরণ’
এনডিটিভির দাবি, রেয় রোডের রেহমতাবাদ কবরস্থানের কাছে আশুরার শোভাযাত্রায় অংশ নেওয়া মানুষের মধ্যে প্রেমজি ক্যাপসুল বিতরণ করছিলেন। ভিড়ের সুযোগ নিয়ে তিনি সেগুলোকে ব্যথানাশক ও রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ওষুধ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন।
সূত্র জানায়, ওই ক্যাপসুল খেয়ে অন্তত ১১ জন অসুস্থ হয়ে পড়েন। তাদের দ্রুত নিকটস্থ একটি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সবাই আশঙ্কামুক্ত। তাদের মধ্যে সালমান সায়েদ নামের একজন ক্যাপসুলটি খাওয়ার পর তীব্র পেটব্যথা ও বমিতে আক্রান্ত হন।
পুলিশের উপকমিশনার (ডিসিপি) জয়ন্ত মীনা নিশ্চিত করেছেন যে, অভিযুক্ত ব্যক্তি ক্যাপসুলগুলোর মধ্যে জিঙ্ক ফসফাইড মিশিয়েছিলেন।
এছাড়া কোনো ধরনের ওষুধ বিতরণের জন্য তার প্রয়োজনীয় অনুমোদনও ছিল না বলে জানান তিনি।
দ্রুত অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্তের কাছে থাকা বিপুল পরিমাণ ক্যাপসুল জব্দ করে। জব্দ করা ক্যাপসুলের সংখ্যা ছিল অন্তত ১৪ হাজার ৯০০টি।
প্রাথমিক ধারণা অনুযায়ী, এরই মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ক্যাপসুল মানুষের মধ্যে বিতরণ করা হয়েছিল।
ডিসিপি মীনা আরও জানান, অভিযুক্ত ব্যক্তি ৩০ হাজার খালি ক্যাপসুল এবং ৫০ কেজি ফসফরাসও অর্ডার করেছিলেন।