Image description

চেক প্রজাতন্ত্রে ন্যাটো সম্মেলনে অংশগ্রহণকে কেন্দ্র করে প্রেসিডেন্ট ও সরকারের দ্বন্দ্ব এবার গড়িয়েছে আদালতে। আগামী মাসের ন্যাটো সম্মেলনে দেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার অনুমতি না পেয়ে প্রেসিডেন্ট পেত্র পাভেল সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে দ্বারস্থ হয়েছেন সাংবিধানিক আদালতের।

মঙ্গলবার প্রেসিডেন্টের কার্যালয় জানায়, নিজের সাংবিধানিক ক্ষমতার পরিধি নিয়ে সৃষ্ট বিরোধের নিষ্পত্তি চেয়ে আদালতে আবেদন করেছেন পাভেল। এর একদিন আগে তার সাবেক প্রেসিডেন্ট নির্বাচনী প্রতিদ্বন্দ্বী আন্দ্রেই বাবিশের নেতৃত্বাধীন সরকার ঘোষণা দেয়, জুলাইয়ের ন্যাটো সম্মেলনের প্রতিনিধিদলে পাভেলকে রাখা হবে না।

সরকারের দাবি, ন্যাটোতে চেক প্রজাতন্ত্রের অবস্থান তুলে ধরা সরকারের দায়িত্ব। প্রতিরক্ষা ব্যয়সহ গুরুত্বপূর্ণ নীতিগত বিষয়ও এর অন্তর্ভুক্ত। তবে এই সিদ্ধান্তকে ‘নজিরবিহীন’ ও ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’ বলে আখ্যা দিয়েছেন পাভেল।

এক বিবৃতিতে তিনি বলেছেন, বিভিন্ন প্রেসিডেন্ট ও সরকারের আমলে অনুষ্ঠিত গত ২০টি ন্যাটো সম্মেলনের মধ্যে ১৯টিতেই চেক প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন দেশের প্রেসিডেন্টরা। কেবল স্বাস্থ্যগত কারণে একবার এর ব্যতিক্রম ঘটেছিল।

সাংবিধানিক আদালত জানিয়েছে, তারা অভিযোগ গ্রহণ করেছে এবং বিষয়টিকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি বিবেচনা করছে। তবে ৭ ও ৮ জুলাই তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠেয় ন্যাটো সম্মেলনের আগে আদালতের রায় পাওয়া যাবে কি না, তা এখনো অনিশ্চিত।

চেক সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্টের ক্ষমতা সীমিত এবং পররাষ্ট্রনীতি নির্ধারণের দায়িত্ব সরকারের। তবে সাবেক সেনাপ্রধান ও ন্যাটোর মিলিটারি কমিটির সাবেক চেয়ারম্যান পাভেল মনে করেন, সম্মেলনে তার অংশগ্রহণ যৌক্তিক।

ইউক্রেনের প্রতি দৃঢ় সমর্থনের জন্য পরিচিত পাভেলের সঙ্গে বাবিশ সরকারের সম্পর্ক সাম্প্রতিক সময়ে ক্রমেই তিক্ত হয়েছে। বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী পদে মোটরিস্টস পার্টির একজন কর্মকর্তাকে নিয়োগ দিতে অস্বীকৃতি জানানোর পর দুই পক্ষের দূরত্ব আরও বেড়ে যায়। বিশ্লেষকদের মতে, ন্যাটো প্রতিনিধিদল নিয়ে এই বিরোধ সেই রাজনৈতিক টানাপোড়েনেরই সর্বশেষ প্রকাশ।

ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে প্রতিরক্ষা ব্যয়ের দিক থেকে চেক প্রজাতন্ত্র নিচের সারির দেশগুলোর একটি। গত বছর দেশটি মোট দেশজ উৎপাদনের (জিডিপি) অন্তত ২ শতাংশ প্রতিরক্ষা ব্যয়ের ন্যূনতম লক্ষ্য পূরণ করতে পারেনি এবং চলতি বছরও সেই লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ার পথে।