Image description

ফরিদপুরের মধুখালীতে ডিবি হেফাজতে নেওয়ার পর মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্ত (২৭) নামের এক যুবকের মৃত্যুর ঘটনায় ডিবির ফরিদপুর সদর জোনের ওসি সৈয়দ মো. আলমগীর হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।

ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়।

এতে বলা হয়, প্রশাসনিক কারণে ডিবির ফরিদপুর সদর জোন থেকে তাকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১টার মধ্যে তাকে পুলিশ লাইন্স ফরিদপুরে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে।

তবে সংশ্লিষ্টদের অনেকে মনে করছেন, গত ২০ জুন ডিবি হেফাজতে নেওয়ার পর ২১ জুন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্তের মৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও অফিস আদেশে প্রত্যাহারের কারণ হিসেবে প্রশাসনিক কারণের কথা উল্লেখ করা হয়েছে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম বলেছেন, ‘প্রশাসনিক কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে ওই কর্মকর্তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।’

নিহত মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্ত মধুখালী পৌরসভার পশ্চিম গোন্দারদিয়া মহল্লার বাসিন্দা ছিলেন। তিনি ফরিদপুর আইন কলেজের শিক্ষার্থী ছিলেন।

পরিবারের অভিযোগ, গত ২০ জুন ডিবি পুলিশ তাকে আটক করে। আটকের সময় মায়ের সামনেই তাকে মারধর করা হয় বলে দাবি পরিবারের। পরে ২১ জুন সকাল সাড়ে ৭টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।