Image description

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নেওয়া ইরানের প্রতিনিধিদলটি অত্যন্ত উচ্চপর্যায়ের এবং প্রভাবশালী ব্যক্তিদের নিয়ে গঠিত। প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ, যিনি দীর্ঘ সময় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (রেভল্যুশনারি গার্ড) বিমান শাখার কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পরবর্তীতে তিনি ইরানের পুলিশ প্রধান এবং ২০০৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত রাজধানী তেহরানের মেয়র ছিলেন। ২০২০ সাল থেকে তিনি পার্লামেন্টের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন এবং বিপ্লবী গার্ডের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের জন্য পরিচিত।

বিজ্ঞাপন

প্রতিনিধিদলের দ্বিতীয় সর্বোচ্চ পর্যায়ের সদস্য হিসেবে রয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি দেশটির সর্বোচ্চ নেতা বা সুপ্রিম লিডারের কার্যালয়ের ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত এবং ইরানের পররাষ্ট্রনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

এছাড়া আলোচনায় অংশ নিচ্ছেন আলি বাকেরি, যিনি গত এক দশকে ইরানের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। ২০২১ সালে প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির আমলে তিনি ইরানের প্রধান পারমাণবিক আলোচক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রতিনিধিদলে আরও রয়েছেন ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোলনাসের হেম্মাতি এবং দেশটির উপ-তেলমন্ত্রী হামিদ বুর্দ।

বিশ্লেষকদের মতে, প্রতিনিধিদলের গঠন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এতে কূটনীতি, জাতীয় নিরাপত্তা, নিষেধাজ্ঞা প্রত্যাহার, ব্যাংকিং খাত এবং জ্বালানি খাতের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা অন্তর্ভুক্ত রয়েছেন। ফলে আলোচনায় ইরানের স্বার্থের প্রায় সব গুরুত্বপূর্ণ ক্ষেত্রই উচ্চ পর্যায়ে প্রতিনিধিত্ব পাচ্ছে।

সূত্র: আল-জাজিরা