গাইবান্ধায় বিএনপির নেতাকর্মীদের হামলায় ছাত্রশিবিরের ইউনিয়ন সভাপতি সাইফুল্লাহ নিহতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় খুনিদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে ইসলামী ছাত্রশিবির।
রোববার (২১ জুন) রাত ১০টায় শাহবাগ মোড় অবরোধ করে তারা।
দলীয় সূত্রে জানা গেছে, ছাত্রশিবিরের ঢাকা মহানগর শাখার আয়োজনে আজ রাতে প্রথমে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নেতাকর্মীরা জড়ো হন। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শাহবাগ মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে সড়ক অবরোধ করেন নেতাকর্মীরা। এতে মোড়ের একদিকের যানচলাচল বন্ধ রয়েছে৷