ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার একটি তাঁবুতে ইসরাইলের হামলায় পাঁচজন নিহতের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে হামাস। সেইসঙ্গে দখলদার ইসরাইলি বাহিনী গাজায় চলমান যুদ্ধবিরতি চুক্তি ভেঙে ফেলতে চাইছে বলেও দাবি করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনটি।
শনিবার (৬ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ফিলিস্তিনের গাজা সিটিতে একটি বিয়ের অনুষ্ঠানে ইসরাইলি বিমান হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
হামাসের মতে, এটি বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের বিরুদ্ধে আরেকটি গণহত্যামূলক হামলা।
হামাসের মুখপাত্র হাজেম কাসেম টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে বলেন, ‘ইসরাইলি দখলদার বাহিনী শিশু ও নারীদের ওপর ভয়াবহ হত্যাযজ্ঞ চালিয়েছে। এটি বেসামরিক মানুষের বিরুদ্ধে চলমান ধ্বংসাত্মক যুদ্ধ।’
তিনি আরও বলেন, এই হামলার সময় কায়রোতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া গাজা যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন নিয়ে আলোচনা চলছিল।
হামাসের অভিযোগ, গত বছর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরাইল বারবার গাজায় হামলা চালিয়েছে।
তাদের মতে, যুদ্ধবিরতিকে শান্তি প্রতিষ্ঠার বদলে ফিলিস্তিনিদের ওপর চাপ সৃষ্টি করার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, ‘এটি প্রমাণ করে, দখলদার ইসরাইল এই চুক্তিকে দুর্বল করে দিতে এবং শেষ পর্যন্ত ভেঙে ফেলতে কাজ করছে।’
তথ্যসূত্র: মিডল ইস্ট আই