Image description

ভারতের দিল্লির জন্তর মন্তরে আজ শনিবার এক অভিনব ছবির সাক্ষী থাকল দেশ। মুখে আরশোলার মুখোশ, হাতে প্ল্যাকার্ড, কাঁধে জাতীয় পতাকা— এই সাজেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে বিক্ষোভে সামিল হলেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) সমর্থকরা।

সকাল থেকেই জন্তর মন্তরে ভিড় জমাতে শুরু করেন আন্দোলনকারীরা। তাদের অনেকের মুখেই দেখা যায় আরশোলার মুখোশ। আসলে ‘ককরোচ’ বা আরশোলা পরিচয়কেই প্রতিবাদের প্রতীকে পরিণত করেছে সিজেপি। সংগঠনটির দাবি, সমাজ ও রাষ্ট্রের প্রান্তে ঠেলে দেওয়া তরুণদের কণ্ঠস্বর তুলে ধরতেই এই প্রতীক ব্যবহার করা হচ্ছে।

বিক্ষোভস্থলে দেখা যায়, আরশোলা মুখোশ পরে সমর্থকরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। কারও হাতে লেখা, ‘ফাঁস না হওয়া সরকারি পরীক্ষার অপেক্ষায়।’ আবার কোথাও শোনা যায়, ‘ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দাও’ এবং ‘মেক ইন ইন্ডিয়া চেয়েছিলাম, লিক ইন ইন্ডিয়া পেলাম’ স্লোগান।
প্ল্যাকার্ড হাতে এক যুবক। ছবি: আগামীর সময়

ককরোচ জনতা পার্টির অভিযোগ, নিট-ইউজি প্রশ্নফাঁস, সিবিএসই-র অন-স্ক্রিন মূল্যায়ন পদ্ধতি নিয়ে বিতর্ক, সিইউইটি পরীক্ষায় সমস্যা এবং বিভিন্ন নিয়োগ পরীক্ষাকে ঘিরে অনিশ্চয়তায় লাখ লাখ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ হয়েছে ক্ষতিগ্রস্ত। সেই কারণেই শিক্ষামন্ত্রীর জবাবদিহি দাবি করে এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে।

আমেরিকা থেকে দেশে ফিরে এদিন সরাসরি আন্দোলনে যোগ দেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। দিল্লি পুলিশ অনুমতি দেওয়ার পর তিনি জন্তর মন্তরের উদ্দেশে রওনা হন। আন্দোলনের আগে তিনি সমর্থকদের শান্তিপূর্ণ থাকার আহ্বান জানান। জাতীয় পতাকা, বই এবং ফুল নিয়ে আসার পরামর্শও দেন। এমনকি পুলিশকর্মীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর আবেদনও করেন তিনি।

বিক্ষোভকে ঘিরে রাজধানীজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিমানবন্দর, রেলস্টেশন, সীমান্ত এলাকা এবং জন্তর মন্তর চত্বরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। দিল্লি পুলিশ জানিয়েছে যে, বিশেষ অনুমতির ভিত্তিতে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিক্ষোভের অনুমতি দেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে তাদের আবেদনে ইতিমধ্যেই আট লক্ষের বেশি মানুষ সমর্থন জানিয়েছেন।