Image description

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে প্রস্তাবিত যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। একই সময় দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্র হামলায় এক ইসরাইলি সেনা কর্মকর্তা নিহত হয়েছেন।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, নিহত কর্মকর্তা ক্যাপ্টেন ইতান শমুয়েল লেমবার্গ (২১)। তিনি সপ্তম সাঁজোয়া ব্রিগেডের ৭৫তম ব্যাটালিয়নের সদস্য ছিলেন।

টাইমস অব ইসরায়েলের বরাতে জানা যায়, বৃহস্পতিবার (৪ জুন) বিকেল প্রায় ৪টার দিকে লিতানি নদীর উত্তরে চলমান এক অভিযানের সময় ইসরাইলি ট্যাংক লক্ষ্য করে অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এতে ঘটনাস্থলেই ক্যাপ্টেন লেমবার্গ নিহত হন।

ঘটনার পরপরই আইডিএফ জানায়, তারা ওই এলাকায় হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে বিমান ও কামান হামলা চালিয়েছে। জেরুজালেম ও বৈরুতের মধ্যে একটি যুদ্ধবিরতি পরিকল্পনায় সম্মত হওয়ার এক দিন পরই এই হামলা-সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, হিজবুল্লাহ হামলা বন্ধ করবে এবং দক্ষিণ লেবাননের কিছু এলাকায় লেবাননের সেনাবাহিনী মোতায়েন করা হবে, যেখানে কোনো পক্ষের যোদ্ধার উপস্থিতি থাকবে না।

তবে হিজবুল্লাহর প্রধান নাঈম কাসেম এই চুক্তিকে ‘আত্মসমর্পণ’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, লেবাননে হামলা চলতে থাকলে উত্তর ইসরাইলে রকেট ও ড্রোন হামলাও অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি লেবানন সরকারকে ইসরাইলের সঙ্গে সরাসরি আলোচনার প্রচেষ্টা বন্ধের আহ্বান জানান।

হিজবুল্লাহ-সংশ্লিষ্ট আল-মানার টেলিভিশনে প্রচারিত বিবৃতিতে কাসেম বলেন, দক্ষিণ লেবানন থেকে যোদ্ধাদের প্রত্যাহার মানে হবে ‘পরাজয় ও আত্মসমর্পণ’।

অন্যদিকে আইডিএফ মুখপাত্র কর্নেল আভিখাই আদরায় জানান, দক্ষিণ লেবাননে সামরিক অভিযান অব্যাহত রয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের জাহরানি নদীর দক্ষিণে না যাওয়ার সতর্কতা দেয়া হয়েছে।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, বৃহস্পতিবার দক্ষিণ ও পূর্ব লেবাননে অন্তত ২০টি বিমান হামলা চালানো হয়েছে। পূর্বাঞ্চলীয় সোহমোর শহরে পৃথক হামলায় অন্তত পাঁচজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন।

এদিকে আইডিএফ দাবি করেছে, বুধবার লিতানি নদীর উত্তরে স্থল অভিযানের সময় গোলাগুলিতে হিজবুল্লাহর এক সদস্য নিহত হয়।

পৃথকভাবে আইডিএফ আরও জানিয়েছে, কয়েক সপ্তাহ আগে দক্ষিণ লেবানন সফরের সময় উত্তরাঞ্চলীয় কমান্ডের প্রধান মেজর জেনারেল রাফি মিলোর কাছে হিজবুল্লাহর বিস্ফোরকবাহী ড্রোন আঘাত হানে, তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

শীর্ষনিউজ