Image description

ইরানে পরিচালিত সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’ সমাপ্ত হয়েছে এবং বর্তমানে যুক্তরাষ্ট্র আর দেশটিতে কোনো হামলা চালাচ্ছে না বলে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার মধ্যেই তিনি এ মন্তব্য করেছেন।

বুধবার মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের পররাষ্ট্রবিষয়ক স্থায়ী কমিটির এক শুনানিতে রুবিও বলেন, যুক্তরাষ্ট্র এখন ইরানের অভ্যন্তরে কোনো সামরিক অভিযান পরিচালনা করছে না এবং ইরানের সামরিক সক্ষমতা ধ্বংসের জন্যও নতুন কোনো পদক্ষেপ নিচ্ছে না, কারণ ‘অপারেশন এপিক ফিউরি’ শেষ হয়েছে।

ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনার জেরে গত ২৮ ফেব্রুয়ারি দেশটিতে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। এর জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালায় ইরান। পাশাপাশি বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি অবরুদ্ধ করার পদক্ষেপ নেয় তেহরান।

প্রায় ৪০ দিন সংঘাত চলার পর যুদ্ধবিরতি ঘোষণা করে ওয়াশিংটন। তবে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গত ২৭ মে থেকে ৩ জুন পর্যন্ত উভয় পক্ষের মধ্যে কয়েক দফা হামলার ঘটনা ঘটে। সর্বশেষ ৩ জুন কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর অভিযোগ ওঠে ইরানের বিরুদ্ধে। এর পাল্টা জবাবে ইরানের কেশম দ্বীপে বোমাবর্ষণ করে মার্কিন বাহিনী।

শুনানিতে ক্যালিফোর্নিয়ার কংগ্রেস সদস্য সারা জ্যাকব রুবিওকে প্রশ্ন করে বলেন, অভিযানের নাম পরিবর্তন করলেই বাস্তবতা বদলে যায় না। তাঁর মতে, হরমুজ প্রণালি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি এবং মার্কিন সেনারা এখনো ঝুঁকির মধ্যে রয়েছেন।

জবাবে রুবিও দাবি করেন, যুক্তরাষ্ট্র তার সামরিক অভিযানের সব লক্ষ্য অর্জন করেছে। তিনি বলেন, ইরানের প্রতিরক্ষা শিল্প, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং ড্রোন ভাণ্ডার ধ্বংস করাই ছিল মূল লক্ষ্য, যা সফলভাবে সম্পন্ন হয়েছে।

তিনি আরও দাবি করেন, অতিরিক্ত সামরিক অভিযানের মাধ্যমে ইরানের বিমানবাহিনী ও প্রচলিত নৌবাহিনীকেও কার্যত অকার্যকর করে দেওয়া হয়েছে।

শীর্ষনিউজ