যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তাবিত সমঝোতা স্মারকে ইরানের অবরুদ্ধ ১ হাজার ২০০ কোটি মার্কিন ডলার ফেরত দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। শনিবার এ তথ্য প্রকাশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, অনানুষ্ঠানিক একটি খসড়ার বরাত দিয়ে জানানো হয়েছে—চুক্তি হলে যুক্তরাষ্ট্র ৬০ দিনের মধ্যে ইরানকে ওই অর্থে পূর্ণ প্রবেশাধিকার দেবে এবং কোনো বাধা ছাড়াই তা স্থানান্তর ও ব্যবহারের সুযোগ থাকবে।
তবে একই ধরনের আগের একটি দাবি হোয়াইট হাউস ‘বানোয়াট’ বলে প্রত্যাখ্যান করেছিল বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে।
ইরানি রাষ্ট্রীয় টিভির দাবি অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির লক্ষ্যে সম্ভাব্য চুক্তি নিয়ে বিস্তারিত বক্তব্য দেওয়ার পরই এই তথ্য সামনে আসে। তবে ট্রাম্পের বক্তব্যের অনেক অংশ ইরানি সূত্র ইতোমধ্যে অস্বীকার করেছে।
প্রতিবেদনে আরও বলা হয়, হরমুজ প্রণালি নিয়ে দুই পক্ষের মধ্যে ভিন্ন অবস্থান রয়েছে। ইরানি পক্ষ দাবি করছে, তারা প্রণালির নিয়ন্ত্রণ বজায় রাখবে, অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে, এটি আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য উন্মুক্ত রাখতে হবে।
চলমান পরিস্থিতিতে প্রস্তাবিত চুক্তি নিয়ে দুই দেশের মধ্যে তথ্য ও বক্তব্যের পার্থক্য স্পষ্টভাবে দেখা যাচ্ছে।
শীর্ষনিউজ