পশ্চিমবঙ্গে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও মন্দিরের পুরোহিতদের ভাতা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী মাস থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। নবগঠিত বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে সোমবার (১৮ মে) এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মন্ত্রিসভার বৈঠক শেষে রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণমন্ত্রী অগ্নিমিত্রা পাল এ তথ্য জানান। তিনি বলেন, ধর্মের নামে চালু থাকা প্রকল্পগুলো বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সে অনুযায়ী ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতাও আগামী মাস থেকে বন্ধ হবে।
মন্ত্রিসভার এ বৈঠকেই নারী ও শিশু নির্যাতন এবং সরকারি প্রকল্পের দুর্নীতির তদন্তে দুটি পৃথক কমিশন গঠন করেছে রাজ্য সরকার। একটির নেতৃত্বে থাকবেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়। এই কমিশন গত ১৫ বছরে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, হত্যা এবং নারী সুরক্ষার ঘাটতি-সংক্রান্ত অভিযোগ তদন্ত করবে।
সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগ তদন্তে গঠিত দ্বিতীয় কমিশনের চেয়ারম্যান করা হয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুকে। জুন থেকে কাজ শুরু করবে কমিশন দুটি।
এদিকে মন্ত্রিসভার বৈঠকের পর দক্ষিণ কলকাতার ধনধান্য স্টেডিয়ামে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের কৃতী শিক্ষার্থীদের এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন শুভেন্দু। সেখানে তিনি বলেন, আজ থেকে পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রীয় সরকারের ঘোষিত শিক্ষানীতির সঙ্গে যুক্ত হলো। শিক্ষা মানুষের মৌলিক অধিকার।
শিক্ষাঙ্গনকে রাজনীতিমুক্ত রাখাই নতুন সরকারের লক্ষ্য বলে জানান তিনি।