রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খুব শিগগিরই চীন সফর করবেন। ইতোমধ্যে সম্পন্ন হয়েছে সেই সফরের প্রস্তুতিও। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বৃহস্পতিবার জানিয়েছেন এমন তথ্য।
পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বিভিন্ন সময়ে ৪০ বারের বেশি বৈঠক করেছেন। সর্বশেষ গত সেপ্টেম্বর বেইজিংয়ে সাক্ষাৎ করেন তারা।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ‘সীমাহীন’ কৌশলগত অংশীদারত্ব চুক্তিতে সই করেছিলেন দুই নেতা। এর তিন সপ্তাহেরও কম সময় পর ইউক্রেনে যুদ্ধ শুরু করে রাশিয়া।
এদিকে চীন সফরে আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার ট্রাম্পের সঙ্গে চীনের শীর্ষ নেতা শি জিনপিংয়ের বৈঠক করেন। এ বৈঠক সফল হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।
বেইজিংয়ের গ্রেট হলে প্রায় দুই ঘণ্টার আলোচনা হয় উভয় নেতার মধ্যে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, একটি ‘গঠনমূলক, কৌশলগত ও স্থিতিশীল’ সম্পর্ক স্থাপনে সম্মত হয়েছেন যুক্তরাষ্ট্র ও বেইজিং।