Image description

লেবাননে চলমান যুদ্ধ ও ইসরায়েলি হামলার কারণে দেশটির মানবিক পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। জাতিসংঘ জানিয়েছে, দেশটির মোট জনসংখ্যা প্রায় ৫৮ লাখ হলেও এখন এর অর্ধেকেরও বেশি মানুষ বেঁচে থাকার জন্য মানবিক সাহায্যের ওপর নির্ভর করছে।

ইউরোপীয় ইউনিয়নের সংকট ব্যবস্থাপনা প্রধান হাদজা লাহবিব বৈরুতে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, বর্তমানে লেবাননে ৩০ লাখের বেশি মানুষ খাদ্য, চিকিৎসা ও মৌলিক প্রয়োজন মেটাতে আন্তর্জাতিক ত্রাণের ওপর নির্ভরশীল।

অর্থাৎ দেশের অর্ধেকেরও বেশি জনগণ স্বাভাবিক জীবনযাপন করতে পারছে না।

 

লাহবিব আরো জানান, চলমান পরিস্থিতি মোকাবেলায় ইউরোপীয় ইউনিয়ন ইতিমধ্যে বড় অঙ্কের সহায়তা দিয়েছে। গত মার্চ থেকে এখন পর্যন্ত ২৭ দেশের এই জোট লেবাননে প্রায় ১০ কোটি ইউরো মানবিক সহায়তা পাঠিয়েছে। পাশাপাশি ছয়টি ত্রাণবাহী বিমানও পাঠানো হয়েছে।

শনিবার আরো একটি বিমান পাঠানোর পরিকল্পনা রয়েছে বলে জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা

 

অন্যদিকে স্থানীয় কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, মার্চের শুরু থেকে লেবাননে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ২ হাজার ৭০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। একই সময়ে অন্তত ১০ লাখ মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে চলে যেতে বাধ্য হয়েছেন।

১৭ এপ্রিল ওয়াশিংটনের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে একটি যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হলেও পরিস্থিতি স্থিতিশীল হয়নি।

এরপরও নতুন করে হামলায় আরও কয়েক ডজন মানুষের মৃত্যু হয়েছে।

 

এ ছাড়া অভিযোগ রয়েছে, ইসরায়েলি বাহিনী এখনো দক্ষিণ লেবাননের বড় অংশ নিয়ন্ত্রণে রেখেছে। কিছু এলাকায় পুরো গ্রাম ধ্বংস করে দেওয়া হয়েছে বলেও স্থানীয় সূত্রগুলো জানিয়েছে।