Image description

ইন্দোনেশিয়ার মাউন্ট ডুকোনো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে দুই বিদেশি পর্যটকসহ তিন পর্বতারোহী নিহত হয়েছেন। আগ্নেয়গিরিটি পূর্বাঞ্চলীয় হালমাহেরা দ্বীপে অবস্থিত। শুক্রবার এই অগ্ন্যুৎপাতের ফলে আকাশ প্রায় ১০ কিলোমিটার উচ্চতায় ছাইয়ের মেঘ ছড়িয়ে পড়ে।

হালমাহেরা জেলার পুলিশ প্রধান এরলিকসন পাসারিবু কম্পাস টিভিকে বলেন, ঘটনার সময় ওই এলাকায় থাকা পর্বতারোহীদের মধ্যে সাতজন নিরাপদে নিচে নেমে আসতে পেরেছেন। তবে এখনো ১০ জন নিখোঁজ।

বিজ্ঞানীরা আগ্নেয়গিরিটির সক্রিয়তা বৃদ্ধির পূর্বাভাস দেওয়ার পর গত মাসে ওই এলাকায় দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল। নিষেধাজ্ঞা অমান্য করে আরোহীরা সেখানে গিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে নিখোঁজদের সন্ধান চলছে।

ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থা বিএনপিবির তথ্য অনুযায়ী, অগ্নুৎপাতে পাঁচজন আরোহী আহত হয়েছেন। আগ্নেয়গিরির সক্রিয়তা বাড়তে থাকায় নিখোঁজদের উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

পুলিশ প্রধান এরলিকসন জানান, অত্যন্ত দুর্গম এলাকায় উদ্ধার অভিযান চলছে। পাহাড়ের ঢালের একটি নির্দিষ্ট অংশ পর্যন্ত কেবল গাড়ি নিয়ে যাওয়া সম্ভব। বাকি পথটুকু স্ট্রেচারে করে ভুক্তভোগীদের বয়ে আনতে হচ্ছে।

সরকারি ভূতাত্ত্বিক সংস্থার প্রধান লানা সারিয়া জানান, শুক্রবার ভোরের দিকে বিকট শব্দের মাধ্যমে এই অগ্ন্যুৎপাত শুরু হয়। মাউন্ট ডুকোনোর চূড়া থেকে প্রায় ১০ কিলোমিটার উচ্চতায় ঘন ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। এই ছাই উত্তর দিকে ছড়িয়ে পড়ছে। এই ধোঁয়া জনস্বাস্থ্যের জন্য বিপজ্জনক হতে পারে।

শীর্ষনিউজ