Image description

সংযুক্ত আরব আমিরাতের আল জির বন্দরের কাছে ৪ মে একটি চীনা মালিকানাধীন বড় তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। হরমুজ প্রণালির প্রবেশমুখে এই হামলা হয় বলে চীনা গণমাধ্যম কাইক্সিন জানিয়েছে।

হামলার ফলে জাহাজটির ডেকে আগুন ধরে যায়। জাহাজটিতে ‘চায়না ওনার অ্যান্ড ক্রু’ লেখা ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এটি প্রথমবার কোনো চীনা তেলবাহী জাহাজে হামলার ঘটনা।

 

জাহাজ মালিক পক্ষের একজন অবগত ব্যক্তি কাইশিনকে জানান, ‘এই প্রথম কোনো চীনা তেল ট্যাংকার আক্রান্ত হলো এবং এটা মানসিকভাবে মেনে নেওয়া অত্যন্ত কঠিন।’

এদিকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পথ আবার নিরাপদভাবে চালু করার লক্ষ্য নিয়ে একটি আন্তর্জাতিক প্রতিরক্ষা মিশনের প্রস্তুতি শুরু হয়েছে। এই মিশনের অংশ হিসেবে একটি ফরাসি যুদ্ধজাহাজ সুয়েজ খালের দক্ষিণ দিক হয়ে লোহিত সাগরের দিকে অগ্রসর হচ্ছে।

 

ফ্রান্সের সশস্ত্র বাহিনী মন্ত্রণালয় বুধবার জানিয়েছে, পারমাণবিক শক্তিচালিত যুদ্ধজাহাজ ‘শার্ল দ্য গল’ হরমুজ প্রণালির দিকে রওনা হয়েছে। যুদ্ধ শুরুর আগে বিশ্বের প্রায় ২০ শতাংশ বাণিজ্যিক তেল এই প্রণালি দিয়ে পরিবহন হতো।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার একটি বহুজাতিক নিরাপত্তা মিশনের নেতৃত্ব দিচ্ছেন। তাদের লক্ষ্য হলো হরমুজ প্রণালিতে আবার আন্তর্জাতিক জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা।

দুই নেতা বলছেন, এই মিশন হবে সম্পূর্ণ প্রতিরক্ষামূলক এবং যুদ্ধ শেষ হওয়ার পর এটি মোতায়েন করা হবে।