Image description

কেরালার রাজনীতিতে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন ফাতেমা তাহলিয়া। বামপন্থীদের দীর্ঘদিনের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত পেরামব্রা বিধানসভা আসনে জয়লাভ করে আলোচনায় এসেছেন তিনি।

ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ-এর এই প্রার্থী সিপিআই (এম)-এর অভিজ্ঞ নেতা রামকৃষ্ণানকে পরাজিত করে গুরুত্বপূর্ণ এই বিজয় অর্জন করেন। ৩৪ বছর বয়সী তাহলিয়া প্রায় ৬৪ হাজার ভোট পেয়ে প্রায় ৪,৭০০ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন।

এই জয়ের মাধ্যমে তিনি মুসলিম লীগের ইতিহাসে প্রথম নারী বিধায়ক হিসেবে নতুন মাইলফলক স্থাপন করেন। কোজিকোড জেলার পেরুভায়ালে জন্ম নেওয়া তাহলিয়া ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত।

তিনি মুসলিম স্টুডেন্ট ফেডারেশন-এর নেতৃত্ব দিয়েছেন এবং পরবর্তীতে স্থানীয় পর্যায়ে কাউন্সিলর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি মুসলিম ইয়ুথ লীগ-এর রাজ্য সম্পাদক হিসেবে কাজ করছেন।

পেশাগত জীবনে তিনি একজন আইনজীবী। কোজিকোড সরকারি আইন কলেজ থেকে স্নাতক এবং ত্রিশুর সরকারি আইন কলেজ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।

বর্তমানে তিনি জেলা আদালতে আইন পেশায় নিয়োজিত। তবে নির্বাচনী লড়াইটি তার জন্য সহজ ছিল না। প্রার্থী হওয়ার পর থেকেই তিনি অনলাইন হয়রানি ও সমালোচনার মুখে পড়েন। বিশেষ করে হিজাব পরা একজন তরুণী নারী হিসেবে তার যোগ্যতা নিয়ে সামাজিক মাধ্যমে নানা বিতর্ক তৈরি হয়।

কিন্তু এসব প্রতিবন্ধকতা অতিক্রম করে শেষ পর্যন্ত বিজয় অর্জন করেন তিনি।

বিশ্লেষকদের মতে, পেরামব্রার মতো বামপন্থীদের শক্ত ঘাঁটিতে এই ফলাফল কেরালার রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এবং নারী নেতৃত্বের ক্ষেত্রেও এটি একটি বড় অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

 

শীর্ষনিউজ/