পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে চমক দেখিয়েছেন রুদ্রনীল ঘোষ। হাওড়ার শিবপুর কেন্দ্র থেকে তিনি উল্লেখযোগ্য ব্যবধানে জয় পেয়েছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী সোহম চক্রবর্তী ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় পরাজিত হয়েছেন।
সোমবার (৪ মে) প্রকাশিত ফলাফল ঘিরে রাজ্যজুড়ে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়। দীর্ঘদিন ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস এবার বড় ধাক্কার মুখে পড়ে। নির্বাচনে একাধিক গুরুত্বপূর্ণ আসন হাতছাড়া হয় দলটির। অন্যদিকে প্রথমবারের মতো সরকার গঠন করে ভারতীয় জনতা পার্টি (বিজেপি), যা রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন এনে দিয়েছে।
হাওড়ার শিবপুর আসনে বিজেপির প্রার্থী হিসেবে জয় পাওয়া রুদ্রনীল ঘোষ তৃণমূল প্রার্থী রানা চট্টোপাধ্যায়কে প্রায় ১৬ হাজার ভোটে পরাজিত করেন। ছাত্রজীবনে বাম রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও পরবর্তী সময়ে তিনি তৃণমূল ঘনিষ্ঠ হন। পরে ২০২১ সালের আগে কেন্দ্রীয় নেতা অমিত শাহর উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন। আগের নির্বাচনে পরাজিত হলেও এবার নিজের ঘাঁটি শক্ত করে জয়ের দেখা পান তিনি।
নদীয়ার করিমপুর কেন্দ্রে শুরুতে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেননি সোহম চক্রবর্তী। ভোট গণনা যত এগিয়েছে, ততই কমেছে তার লিড। শেষ পর্যন্ত বিজেপি প্রার্থী সমরেন্দ্রনাথ ঘোষ এগিয়ে গিয়ে জয় নিশ্চিত করেন। প্রায় ১০ হাজারের বেশি ভোটে পরাজিত হন সোহম।
বরানগর কেন্দ্রেও তৃণমূলের জন্য হতাশার খবর আসে। সেখানে দলের প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে বড় ব্যবধানে হারান বিজেপির সজল ঘোষ। উপনির্বাচনে জয় দিয়ে রাজনৈতিক ক্যারিয়ার শুরু করা সায়ন্তিকার জন্য এবারের পরাজয়টি তাৎপর্যপূর্ণ ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
এবারের নির্বাচনে বিজেপির আরও কয়েকজন তারকা প্রার্থীও জয় পেয়েছেন। হাওড়ার শ্যামপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী নদেবাসী জানাকে ২২ হাজারের বেশি ভোটে হারিয়ে জয়ী হয়েছেন অভিনেতা হিরণ চ্যাটার্জী।
তবে সব তারকার ভাগ্যে জয় জোটেনি। ব্যারাকপুর কেন্দ্রে তৃণমূলের হয়ে লড়া নির্মাতা রাজ চক্রবর্তী বিজেপির কৌস্তুভ বাগচীর কাছে ১৫ হাজারের বেশি ভোটে পরাজিত হয়েছেন। এর মাধ্যমে রাজনীতির মাঠে দ্বিতীয়বারের মতো হারের স্বাদ পেলেন তিনি।