Image description

লেবানন যুদ্ধে ইসরাইল গাজার রাফাহ শহরের মতো ধ্বংসাত্মক ‘রাফাহ ডকট্রিন’ প্রয়োগ করছে বলে জানিয়েছেন মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক এলিজা ম্যাগনিয়ার।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান।

রাজনৈতিক ঝুঁকি বিশ্লেষক এলিজা ম্যাগনিয়ার বলেন, ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন লেবাননেও ‘রাফাহ ডকট্রিন’ প্রয়োগ করা হবে। এর অর্থ হলো সবকিছু মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া।

ম্যাগনিয়ার আরো বলেন, ‘বাড়িঘর, স্কুল, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল সবকিছু ধ্বংস করে দেওয়া হবে। তারা মানুষের জন্য কিছুই অবশিষ্ট রাখবে না।’

তিনি জানান, ইসরাইলের মূল লক্ষ্য হলো সবকিছু এমনভাবে ধ্বংস করা যাতে স্থানীয় লেবাননিরা তাদের ভূমির আগের ভৌগোলিক অবস্থানও চিনতে না পারে এবং কেউ আর ফিরে আসতে না পারে।

ইসরাইলের এমন বেপরোয়া আচরণের কারণ হিসেবে ম্যাগনিয়ার উল্লেখ করেন, তারা মনে করে যুক্তরাষ্ট্র পাশে থাকায় তাদের কাউকে জবাবদিহি করতে হবে না।

তিনি বলেন, ‘গাজায় তারা ঠিক এই কাজটিই করেছে এবং কেউ তাদের জবাবদিহিতার আওতায় আনেনি।’

 

সূত্র : আল-জাজিরা