Image description

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা স্থবির হয়ে পড়ায় বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। রোববার ব্রেন্ট ক্রুডের দাম ২ শতাংশের বেশি বেড়ে যায়। কারণ সপ্তাহান্তে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে দ্বিতীয় দফা আলোচনার আশা ভেস্তে গেছে। সামান্য কমার পর বৈশ্বিক বাজারের প্রধান সূচক ব্রেন্টের দাম এদিন গ্রিনিচ মান সময় দুপুর ১টা ৩০ মিনিটে দাঁড়ায় ১০৬.৯৯ ডলারে। এদিকে এশিয়ার শেয়ারবাজার সোমবার ঊর্ধ্বমুখী হয়ে লেনদেন শুরু করে। জাপানের নিক্কেই ২২৫ এবং দক্ষিণ কোরিয়ার কোসপি সূচক যথাক্রমে ০.৯ শতাংশ ও ১.৫ শতাংশ বৃদ্ধি পায় সকালের লেনদেনে। এ খবর দিয়েছে অনলাইন আল-জাজিরা।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প শনিবার তার বিশেষ দূত স্টিভ উইটকফ ও জারেড কুশনারের পাকিস্তান সফর বাতিল করেন। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সরাসরি কোনো বৈঠক হওয়ার আগেই ইসলামাবাদ ত্যাগ করেন। এরপর সোমবার আরাঘচি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পৌঁছান। সেখানে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ অন্য কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা। এর কারণ, তেহরান কূটনৈতিক অচলাবস্থা কাটানোর পথ খুঁজছে।

গত সপ্তাহে ট্রাম্প দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন। তবে যুদ্ধ শেষ করার জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করেননি। যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচকরা যখন অচলাবস্থা কাটাতে হিমশিম খাচ্ছেন, তখন হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিয়ে তেহরানের হুমকির কারণে চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। এর ফলে বিশ্বে তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহের বড় একটি অংশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

মেরিটাইম ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম উইন্ডওয়ার্ডের তথ্য অনুযায়ী, শনিবার হরমুজ প্রণালি দিয়ে মাত্র ১৯টি বাণিজ্যিক জাহাজ চলাচল করেছে। অথচ স্বাভাবিক সময়ে এই পথ দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও গ্যাস পরিবহন হয়। জাতিসংঘ ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্টের তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারির শেষদিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার আগে প্রতিদিন গড়ে ১২৯টি জাহাজ এই পথ দিয়ে চলাচল করতো।