ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আগামী রোববারেই শেষ হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দেশটির সরকারি সম্প্রচার সংস্থা কানের বরাতে এ খবর জানায় মিডল ইস্ট আই।
সম্প্রচার সংস্থা কান জানায়, ওয়াশিংটন তেল আবিবকে জানিয়েছে যে তেহরানের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নির্ধারিত সময়সীমা কয়েক দিনের মধ্যে শেষ হবে।
সংস্থাটি আরও জানায়, ট্রাম্প উন্মুক্ত আলোচনায় না গিয়ে তেহরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে চাইছেন।
তবে ইসরায়েলি সূত্রগুলো বলছে, এই সপ্তাহের মধ্যে মার্কিন-ইরান আলোচনায় বড় কোনো অগ্রগতির সম্ভাবনা খুবই কম। তারা মার্কিন কার্যক্রমে ‘বিভ্রান্তি’ দেখছেন বলেও জানিয়েছেন।
এদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট সাংবাদিকদের বলেছেন, ইরানের কাছ থেকে প্রস্তাব পাওয়ার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেননি।
তিনি আরও বলেন, প্রেসিডেন্ট যুদ্ধবিরতি বাড়িয়েছেন কারণ ইরানকে আগে তার বিষয়গুলো গুছিয়ে নিতে হবে।