Image description

ভারতীয় তেল শোধনাগারগুলো ইরান থেকে কেনা জ্বালানি তেলের মূল্য চীনের মুদ্রা ইউয়ানে পরিশোধ করছে। ভারতের আইসিআইসিআই ব্যাংকের মাধ্যমে এসব লেনদেন সম্পন্ন হচ্ছে বলে বিষয়টি সম্পর্কে জানেন এমন চারটি সূত্র রয়টার্সকে জানিয়েছে। ইরান ও রাশিয়ার জ্বালানি তেল সমুদ্রে কেনাবেচার ক্ষেত্রে ৩০ দিনের জন্য নিষেধাজ্ঞা শিথিল করেছে যুক্তরাষ্ট্র। যুদ্ধের কারণে তেলের দাম বেড়ে যাওয়ায় তা নিয়ন্ত্রণে আনতে গত মাসে এই ঘোষণা দেয় ওয়াশিংটন। এ পরিস্থিতিতে চীনা মুদ্রায় ইরান থেকে ভারতের তেল কেনার খবর সামনে এলো।

সূত্রগুলো জানিয়েছে, চলতি মাসের শুরুতে ভারতের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার 'ইন্ডিয়ান অয়েল করপোরেশন' প্রায় ৯ বছর পর প্রথমবারের মতো ২০ লাখ ব্যারেল ইরানি তেল কিনেছে। এই চালানের মূল্য প্রায় ২০ কোটি ডলার। এছাড়া আরেক ভারতীয় প্রতিষ্ঠান রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের জন্য ইরানি তেল বহনকারী চারটি জাহাজ সম্প্রতি ভারতে ভিড়তে দেওয়া হয়েছে। এর মধ্যে 'এমটি ফেলিসিটি' নামের একটি জাহাজ ইতিমধ্যে তেল খালাস করেছে।

সূত্র জানায়, ইন্ডিয়ান অয়েল করপোরেশন ও রিলায়েন্স—দুই প্রতিষ্ঠানই আইসিআইসিআই ব্যাংকের মাধ্যমে ইউয়ানে ইরানি তেলের মূল্য পরিশোধ করছে। ব্যাংকটি তার সাংহাই শাখার মাধ্যমে বিক্রেতাদের কাছে অর্থ পাঠাচ্ছে।

আইসিআইসিআই ব্যাংক, ইন্ডিয়ান অয়েল করপোরেশন, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেও এ বিষয়ে মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স। তেহরানের ওপর যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নিষেধাজ্ঞার কারণে তেলের মূল্য পরিশোধে জটিলতা থাকায় অনেক ক্রেতা আগ্রহ দেখাচ্ছে না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট গত বুধবার জানিয়েছেন, যুদ্ধের কারণে তেলের দাম বাড়া ঠেকাতে ইরানি তেল সমুদ্রে কেনাবেচায় নিষেধাজ্ঞা শিথিলের মেয়াদ আর বাড়ানো হবে না। ফলে ইরানের তেল কেনায় এই ছাড় আজ রোববার শেষ হচ্ছে।