পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে ভয়াবহ এক গ্যাস বিস্ফোরণে একই পরিবারের আটজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। স্থানীয় প্রশাসন বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছে।
স্থানীয় গণমাধ্যমের খবরে জানা যায়, হারিপুর জেলার হাট্টার ইন্ডাস্ট্রিয়াল এলাকায় সুই নর্দার্ন গ্যাস পাইপলাইনস লিমিটেডের একটি পাইপলাইন থেকে গ্যাস লিকেজের কারণে বিস্ফোরণের সূত্রপাত হয়। বিস্ফোরণের পরপরই আগুন দ্রুত আশপাশের বস্তি এলাকায় ছড়িয়ে পড়ে, ফলে কয়েকটি ঘরবাড়ি পুড়ে যায় এবং বাসিন্দারা ভেতরে আটকা পড়েন।
ডেপুটি কমিশনার ওয়াসিম আহমেদ জানান, নিহতদের সবাই একই পরিবারের সদস্য। তাদের মধ্যে তিনজন শিশু, দুইজন কিশোরী, দুইজন বৃদ্ধা নারী এবং একজন প্রাপ্তবয়স্ক পুরুষ রয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
উদ্ধারকারী সংস্থাগুলো জানায়, ঘটনাস্থল থেকে ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং বর্তমানে আর কেউ ধ্বংসস্তূপে আটকা নেই।
দুর্ঘটনার খবর পেয়ে আশপাশের বিভিন্ন জেলা থেকে ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। রেসকিউ ১১২২-এর তত্ত্বাবধানে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। উদ্ধার তৎপরতা তদারকিতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গ্যাস সরবরাহ বন্ধ করে পাইপলাইনের মূল ভালভ বন্ধ করা হয়। তবে পাইপলাইনে উচ্চচাপ থাকার কারণে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে প্রায় দুই ঘণ্টা সময় লেগে যায়।
শীর্ষনিউজ