Image description

ইরানের বেসামরিক অবকাঠামোতে হামলার বিষয়ে আবার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

গতকাল বৃহস্পতিবার হেগসেথ বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতি ভেঙে গেলে ইরানের বিদ্যুৎ অবকাঠামোতে হামলা চালানো হতে পারে।

হেগসেথের এই হুমকির কিছু আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে শান্তিচুক্তি হওয়ার বিষয়ে আশা প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমরা ইরানের সঙ্গে একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছি।’

মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনে সাংবাদিকদের ব্রিফিংয়ে হেগসেথ বলেন, ইরানের নতুন শাসকগোষ্ঠী যদি ভুল সিদ্ধান্ত নেয়, কোনো চুক্তিতে রাজি না হয়, তাহলে মার্কিন বাহিনী আবার যুদ্ধ পরিচালনার জন্য সর্বোচ্চ প্রস্তুত অবস্থানে রয়েছে। ইরানের গুরুত্বপূর্ণ দ্বৈত-ব্যবহারযোগ্য অবকাঠামো, অবশিষ্ট বিদ্যুৎ উৎপাদনসহ জ্বালানি খাতকে নিশানা করে হামলা চালাতে মার্কিন বাহিনী প্রস্তুত।

হেগসেথ আরও বলেন, ‘আমরা এটা করতে বাধ্য না হলেই ভালো হতো। তবে প্রেসিডেন্টের নির্দেশ পেলেই এবং এক বোতাম চাপলেই আমরা যেকোনো মুহূর্তে অভিযানে নামতে প্রস্তুত।’

আন্তর্জাতিক আইনের অধীনে কোনো দেশের জ্বালানি অবকাঠামোকে ইচ্ছাকৃতভাবে হামলার লক্ষ্যবস্তু করা যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।

তথ্যসূত্র: দ্য নিউইয়র্ক টাইমস ও আল–জাজিরা