লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলের পক্ষ থেকে একাধিকবার তা লঙ্ঘনের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ এপ্রিল) লাইভ প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল-জাজিরা।
দেশটির সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ‘ইসরায়েলের বেশ কয়েকটি হামলার ঘটনা রেকর্ড করা হয়েছে, পাশাপাশি বিভিন্ন গ্রাম লক্ষ্য করে বিচ্ছিন্নভাবে গোলাবর্ষণও চলছে।’
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে লেবাননের সেনাবাহিনী নাগরিকদের প্রতি আবারও সতর্কবার্তা জারি করে বলেছে, যুদ্ধবিরতি কার্যকর থাকলেও দক্ষিণাঞ্চলের গ্রাম ও শহরগুলোতে ফিরে যাওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।
এর আগে, সব ধরনের সংঘাত পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত দক্ষিণ লেবাননের বাসিন্দাদের নিজ নিজ বাড়িতে ফিরে না যাওয়ার জন্যও সতর্ক করেছিল সেনাবাহিনী।
প্রসঙ্গত, এর আগে ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ইস্টার্ন টাইম বিকেল ৫টা বা বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।
ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে যুদ্ধবিরতির কথা জানিয়ে ট্রাম্প লিখেছেন, ‘আমি লেবাননের অত্যন্ত সম্মানিত প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বিবি নেতানিয়াহুর সঙ্গে চমৎকার আলোচনা করেছি। এই দুই নেতা তাদের দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে ১০ দিনের একটি যুদ্ধবিরতি শুরু করতে সম্মত হয়েছেন, যা বিকেল ৫টা (ইস্টার্ন টাইম) থেকে কার্যকর হবে।’