Image description

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য আগামী ১৫ মাসে ৮০ থেকে ১০০ বিলিয়ন ডলার তহবিল জোগাড় করতে পারে বিশ্বব্যাংক। এই সহায়তার পরিমাণ করোনা মহামারির সময় দেওয়া ৭০ বিলিয়ন ডলারকেও ছাড়িয়ে যাবে। বুধবার (১৫ এপ্রিল) বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এই তথ্য জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স এ খবর জানিয়েছে।

অজয় বাঙ্গা জানান, আগামী কয়েক মাসে ২০ থেকে ২৫ বিলিয়ন ডলার সংকট মোকাবিলা তহবিল থেকে দেওয়া হতে পারে, যা দেশগুলোকে আগে অনুমোদিত কর্মসূচি থেকে নির্ধারিত সময়ের আগেই সর্বোচ্চ ১০ শতাংশ অর্থ উত্তোলনের সুযোগ দেবে। এছাড়া প্রায় ছয় মাসের মধ্যে বিদ্যমান কর্মসূচিগুলো পুনর্বিন্যাস করে আরও ৩০ থেকে ৪০ বিলিয়ন ডলার জোগাড় করা যেতে পারে বলেও জানান তিনি।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের বসন্তকালীন বৈঠকের ফাঁকে দেওয়া এই বক্তব্যে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বলেন, যুদ্ধের প্রভাব ইতোমধ্যেই বৈশ্বিক প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির ওপর বড় ধরনের প্রভাব ফেলছে এবং উন্নয়নশীল দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।