Image description

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ভারতের মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলেকে।

শনিবার (১১ এপ্রিল) তার কার্ডিয়াক অ্যারেস্ট হয় বলে চিকিৎসকরা জানিয়েছেন। বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগে নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে এবং অবস্থা গুরুতর বলে জানা গেছে।

হাসপাতাল সূত্রে খবর, গত কয়েক মাস ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি এবং বর্তমানে তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক।

এদিকে তার নাতনি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, অতিরিক্ত ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণেই তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তিনি পরিবারের পক্ষ থেকে সবার কাছে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে, শিগগিরই সুস্থতার খবর পাওয়া যাবে।

দীর্ঘ আট দশকেরও বেশি সময় ধরে ভারতীয় সংগীতজগতকে সমৃদ্ধ করেছেন আশা ভোসলে। হিন্দি সিনেমা ছাড়াও একাধিক ভারতীয় ভাষায় গান গেয়েছেন তিনি। সংগীতে অসামান্য অবদানের জন্য ২০০৮ সালে তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘পদ্মবিভূষণ’ প্রদান করা হয়। এ ছাড়া তিনি দাদাসাহেব ফালকে পুরস্কারেও ভূষিত হয়েছেন। তার গাওয়া ‌‘দিল চিজ কেয়া হ্যায়’, ‘ইন আঁখোঁ কি মস্তি কে’ কিংবা ‘ইয়ে ক্যায়া জাগাহ হ্যায় দোস্তোঁ’-এর মতো অসংখ্য গান আজও শ্রোতাদের হৃদয়ে গেঁথে আছে।

আধুনিক গান নিয়ে এক সাক্ষাৎকারে এই কিংবদন্তি শিল্পী জানিয়েছিলেন, তিনি বর্তমানে পুরোনো ধ্রুপদী গান এবং গজল শুনতেই বেশি পছন্দ করেন।

প্রবীণ এই শিল্পীর দ্রুত আরোগ্য কামনায় দেশজুড়ে উদ্বেগ ও প্রার্থনা শুরু হয়েছে তার অনুরাগীদের মধ্যে। বর্তমানে চিকিৎসকদের একটি বিশেষজ্ঞ দল তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।