যুদ্ধবিরতির মধ্যে লেবাননে হামলা নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার মুখে রয়েছে ইসরায়েল। ইউরোপের পাশাপাশি এশিয়া ও দক্ষিণ এশিয়ার প্রভাবশালী দেশগুলো এ সমালোচনায় যুক্ত হয়েছে। এ অবস্থায় গতকাল শুক্রবার এক দিনে দক্ষিণ লেবাননে ৫০টি বিমান হামলা চালায় তেল আবিব।
লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, গতকাল ইসরায়েলের বিমান হামলায় দক্ষিণের শহর হানাওয়াইয়ে অন্তত একজন নিহত হয়েছেন। আইতা আল-শাবের আবাসিক ভবন ধ্বংস করে দিয়েছে ইসরায়েলের বাহিনী। আলজাজিরার সংবাদদাতা জানান, ইসরায়েলের সামরিক বাহিনী দক্ষিণের হানিন শহরের আবাসিক ভবন ধ্বংস করে দিয়েছে। এর আগে গত বুধবার লেবাননের রাজধানী বৈরুতের আবাসিক এলাকায় ব্যাপক হামলা চালায় ইসরায়েল। এতে তিন শতাধিক নিহত ও এক হাজারের বেশি মানুষ আহত হন।
লেবাননের সরকারি গণমাধ্যমের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, গতকাল দক্ষিণাঞ্চলীয় শহর নাবাতিয়েতে ইসরায়েলের হামলায় দেশটির রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থার আট সদস্য নিহত হয়েছেন। তারা ইসরায়েলের ধারাবাহিক হামলার সময় নাবাতিয়ে সরকারি ভবনের কাছের রাষ্ট্রীয় নিরাপত্তা দপ্তরে দায়িত্ব পালন করছিলেন।
পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতির মধ্যে এসব হামলা চালানো হয়। এ হামলার কড়া সমালোচনা করেছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী এক এক্স পোস্টে ইসরায়েলের কড়া সমালোচনা করেন। বার্তা সংস্থা আনাদোলু জানায়, লেবাননে হামলা নিয়ে গতকাল গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘লেবাননে বিপুল সংখ্যক মানুষ নিহত হওয়ার খবরে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।’
যুদ্ধবিরতির মধ্যে লেবাননে হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাপানও। এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, লেবাননের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান দেখানোর জন্য টোকিও জোর আহ্বান জানায়। এর আগে ইসরায়েলের হামলায় জাতিসংঘের এক কর্মকর্তা নিহত হন। এ হামলাকে ‘অগ্রহণযোগ্য’ বলে বর্ণনা করেছে জাপান।
মিডল ইস্ট মনিটর জানায়, লেবাননে যুদ্ধবিরতি বাস্তবায়নের দাবি জানিয়েছে আয়ারল্যান্ড। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হেলেন ম্যাকএন্টি বলেন, ‘লেবাননে ইসরায়েলের বর্বর হামলায় আমি হতভম্ব। ওই হামলায় ২০০ জনের বেশি নিহত হয়েছেন।’
ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরুর পূর্বশর্ত হিসেবে লেবাননে যুদ্ধবিরতি ও ইরানের অবরুদ্ধ সম্পদ মুক্ত করার দাবি জানিয়েছেন। এক এক্স পোস্টে তিনি লিখেন, উভয় পক্ষের মধ্যে পারস্পরিকভাবে সম্মত দুটি পদক্ষেপ এখনও বাস্তবায়িত হয়নি। পদক্ষেপগুলো হলো লেবাননে যুদ্ধবিরতি এবং আলোচনা শুরুর আগে ইরানের অবরুদ্ধ সম্পদ মুক্তি। আলোচনা শুরুর আগে এ দুটি বিষয় অবশ্যই পূরণ করতে হবে।
বার্তা সংস্থা এএফপি জানায়, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্মত হওয়া দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে একটি স্থায়ী চুক্তিতে রূপান্তরের জন্য আলোচনার উদ্দেশ্যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসলামাবাদে যাওয়ার জন্য বিমানে ওঠার কিছুক্ষণ পরই গালিবফ এ ঘোষণা দেন।
লেবাননের সঙ্গে আরব লিগের সংহতি
টিআরটি ওয়ার্ল্ড অনলাইন জানিয়েছে, আরব লিগের মহাসচিব গতকাল শুক্রবার লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালামের সঙ্গে এক ফোনালাপে পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন। তিনি ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছেন এবং লেবানন সরকারের ‘সাহসী’ সিদ্ধান্তকে সমর্থন করেছেন। আরব লিগের মহাসচিব আহমেদ আবুল ঘেইত লেবাননে ‘নিষ্ঠুর ইসরায়েলি আগ্রাসন’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি লেবাননের প্রতি সংহতি পুনর্ব্যক্ত করেন এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গত মঙ্গলবার হওয়া যুদ্ধবিরতি চুক্তিতে লেবাননকে অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি বলেন, ‘অবিরাম হামলার কারণে লেবাননের পরিস্থিতি কঠিন রয়ে গেছে।’
আরব লিগ মহাসচিব পূর্ণ রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ প্রসারিত করার এবং সরকারি বাহিনীর কাছে অস্ত্র সীমিত করার প্রচেষ্টাকেও সমর্থন করেন। তিনি নিরাপত্তা নিশ্চিত করতে লেবাননের সেনাবাহিনী ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ভূমিকার ওপর জোর দেন। আরব লিগের মুখপাত্র গামাল রুশদি বলেছেন, আবুল ঘেইত ইসরায়েলের সঙ্গে একটি স্থায়ী সমাধানে পৌঁছানোর লক্ষ্যে আলোচনায় অংশগ্রহণের লেবাননের পদক্ষেপকেও সমর্থন করেছেন।