যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে করণীয় ঠিক করতে আজ শনিবার পাকিস্তানে বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা। তবে ইসলামাবাদে অনুষ্ঠিতব্য এ বৈঠকে যোগ দেওয়ার আগেই ইরানি নেতাদের নতুন ভয় দেখাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গতকাল শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ইরানের কোনো শক্ত অবস্থান নেই এবং তাদের নেতাদের কেবল আলোচনার জন্যই বাঁচিয়ে রাখা হয়েছে।
ট্রাম্প আরও লেখেন, ইরানিরা সম্ভবত বুঝতে পারছে না, হরমুজ প্রণালি অবরুদ্ধ করে সাময়িকভাবে বিশ্বকে জিম্মি করা ছাড়া তাদের কোনো শক্ত অবস্থান নেই। তারা (ইরানি নেতারা) শুধুমাত্র আলোচনার জন্যই বেঁচে আছে।
এর আগে আরেকটি পোস্টে তিনি ইরানের সমালোচনা করে বলেন, ইরানিরা ভালো যোদ্ধার চেয়ে মিথ্যা প্রচার ও গণযোগাযোগে বেশি দক্ষ।
এদিকে, বৈঠকে অংশ নিতে শুক্রবার বিকেলে ইসলামাবাদে পৌঁছেছে ইরানের প্রতিনিধিদল। রাতের মধ্যে পৌঁছানোর কথা আমেরিকার প্রতিনিধিদলেরও। অন্যদিকে, যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরাইল লেবাননে হামলা চালালেও বহুল প্রত্যাশিত এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে পাকিস্তান। তবে ওই হামলা অব্যাহত থাকায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়া হরমুজ প্রণালি নিয়েও আমেরিকা ও ইরানের মধ্যে মতানৈক্য তৈরি হয়েছে। ফলে শেষ পর্যন্ত বৈঠক কতটা ফলপ্রসূ হবে, তা নিয়ে অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন।
ইরানের সাথে আলোচনায় কোন বিষয়টি বেশি গুরুত্ব পাবে জানালেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ একটি স্থায়ী যুদ্ধবিরতি অর্জনের জন্য আজ শনিবার ইসলামাবাদে শুরু হতে যাওয়া যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অংশ নিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইতোমধ্যে ইসলামাবাদের পথে রয়েছেন। জেডি ভ্যান্স উড়োজাহাজে ওঠার আগে সাংবাদিকদের সাথে কথা বলেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সাংবাদিকদের ট্রাম্প জানান, এ আলোচনায় ইরানের পারমাণবিক কর্মসূচি গুরুত্ব পাবে। এনিয়ে কোনো বিকল্প পরিকল্পনার প্রয়োজন নেই।
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা কি একবারেই শেষ হবে নাকি আগামী সপ্তাহগুলোতেও চলবে, সে বিষয়ে নিশ্চিত নন বলে জানান ট্রাম্প। কোনো বিকল্প পরিকল্পনা (ব্যাক-আপ প্ল্যান) আছে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, ‘আপনাদের কোনো বিকল্প পরিকল্পনার প্রয়োজন নেই।’
ইরানের সঙ্গে একটি ভালো চুক্তি কেমন হতে পারে—অন্য এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না।’ এ সময় তিনি উল্লেখ করেন, তাঁর মতে ইরানে ইতিমধ্যে সরকার পরিবর্তন (রেজিম চেঞ্জ) ঘটে গেছে।
প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, হরমুজ প্রণালি ‘খুব শিগগিরই’ খুলে দেওয়া হবে। যদিও যুক্তরাষ্ট্রের জন্য এটির প্রয়োজন নেই বলে তিনি মন্তব্য করেন।
হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী জাহাজগুলো থেকে ইরান টোল আদায় করবে—এমন সংবাদের বিষয়ে জানতে চাইলে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমরা এমনটা হতে দেব না।’
এদিকে যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার উদ্দেশে ইরানের একটি প্রতিনিধিদল ইতোমধ্যে ইসলামাবাদে পৌঁছেছে। প্রতিনিধিদলে মধ্যে রয়েছেন-
ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি
সর্বোচ্চ জাতীয় প্রতিরক্ষা পরিষদের সচিব আলী আকবর আহমাদিয়ান
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুলনাসের হেম্মাতি
আইআরজিসি-র সাবেক কমান্ডার মোহাম্মদ বাঘের যুলঘাদর
ইরানি গণমাধ্যম অনুসারে, ইরানের সংসদের বেশ কয়েকজন সদস্যও এ প্রতিনিধিদলে যোগ দিয়েছেন। সূত্র: বিবিসি ও আল জাজিরা