পাকিস্তানের মধ্যস্ততায় শনিবার (১১ এপ্রিল) হতে যাওয়া ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বৈঠককে মুসলিম বিশ্বের জন্য গর্বের মুহূর্ত বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। শুক্রবার (১০ এপ্রিল) তিনি বলেন, ‘এটা শুধু পাকিস্তানের জন্য নয়, পুরো মুসলিম বিশ্বের জন্য গর্বের মুহূর্ত।’
এই বৈঠককে ‘ঐতিহাসিক ঘটনা’ উল্লেখ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন, যুদ্ধে জড়িয়ে পড়া দেশগুলো আলোচনার টেবিলে তাদের সমস্যাগুলো সমাধানের বিষয়ে একমত হয়েছে।
শনিবারের এই আলোচনা দুই পক্ষের জন্যই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন শাহবাজ শরীফ। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে একটি স্থায়ী যুদ্ধবিরতি অর্জনের জন্য শনিবার থেকে ইসলামাবাদে শুরু হতে যাওয়া যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা একটি বাঁচা-মরার লড়াই।
যুক্তরাষ্ট্র ও ইরানের মতো দেশের মধ্যকার যুদ্ধ বন্ধে মধ্যস্ততাকারীর ভূমিকায় থাকায় ইতোমধ্যে বিশ্বজুড়ে আলোচনায় উঠে এসেছে পাকিস্তান ও দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নাম। যে কোনো মূল্যে এই আলোচনা সফল করার চেষ্টা করছে পাকিস্তান।
ইতোমধ্যে আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছেছে ইরানের প্রতিনিধিদল। সংশ্লিষ্ট সূত্রের বরাতে শুক্রবার এ তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। ইরানের প্রতিনিধিদলে রয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।
মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আরও থাকছেন বিশেষ দূত স্টিভ উইটকভ ও ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা জ্যারেড কুশনার। তারাও পাকিস্তানের পথে রয়েছেন।
আলোচনার আয়োজক হিসেবে উপস্থিত থাকবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, সেনাপ্রধান আসিম মুনির, উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের প্রধান আসিম মালিক।