লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা যুদ্ধবিরতি চুক্তি থেকে সরে আসবে ইরান। দেশটির তাসনিম নিউজ দেশটির এ হুমকির বিষয়টি নিশ্চিত করেছে।
বুধবার (৮ এপ্রিল) এ সংবাদ প্রকাশ করেছে আলজাজিরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইসরায়েল লেবাননে হামলা চালিয়ে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন অব্যাহত রাখলে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি থেকে সরে আসবে।
এর আগে ইরান-মার্কিন যুদ্ধবিরতি ভেস্তে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে হিজবুল্লাহ। দু’দেশের মধ্যকার সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন ফ্রন্টকে অন্তর্ভুক্ত করা না হলে, এই প্রক্রিয়া সম্পূর্ণ ভেস্তে যেতে পারে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে এ সংগঠনটি।
হিজবুল্লাহ স্পষ্টভাবে জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে তাদের এ ভয়াবহ সংঘাত এই যুদ্ধবিরতি চুক্তির বাইরে থাকলে মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে অস্থিরতা তৈরি হবে।
লোবাননের এ সংগঠনটির রাজনৈতিক শাখার এমপি ইব্রাহিম মুসাউয়ি জোর দিয়ে বলেছেন, এই ইরান-মার্কিন যুদ্ধবিরতি চুক্তিতে অবশ্যই হিজবুল্লাহ-ইসরায়েল ফ্রন্ট অন্তর্ভুক্ত রয়েছে। তিনি সতর্ক করে বলেন, যদি ইসরায়েল এটি মেনে না চলে, তবে ইরানসহ এই অঞ্চলের প্রতিরোধ যোদ্ধারা পাল্টা জবাব দেবে। ইরানও শুরু থেকেই দাবি করে আসছে যে, লেবানন ও গাজা একই অভিন্ন ফ্রন্ট এবং যে কোনো চুক্তিতে লেবানন অংশটিকে অগ্রাধিকার দিতে হবে।
অন্যদিকে ইসরায়েল এই দাবি সরাসরি নাকচ করে দিয়েছে। আজ সকালে ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের লড়াই এবং দক্ষিণ লেবাননে স্থল অভিযান অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্যের প্রতিধ্বনি করে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, বর্তমান যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন অন্তর্ভুক্ত নয়।
যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকেই দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে দফায় দফায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইরান ও হিজবুল্লাহর অনড় অবস্থান এবং ইসরায়েলের অব্যাহত হামলার কারণে বর্তমানে পুরো লেবাননজুড়ে চরম অনিশ্চয়তা বিরাজ করছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা নিয়ে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়ছে।