মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি ইরানকে বেঁধে দেওয়া সময়সীমা আরও দুই সপ্তাহ বাড়ানোর আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। একইসঙ্গে এই সময়ে ইরানকে হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার অনুরোধ করেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে শাহবাজ শরিফ বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ নিরসনে শান্তিপূর্ণ কূটনৈতিক প্রচেষ্টা জোরালোভাবে এগোচ্ছে এবং অদূর ভবিষ্যতে এর মাধ্যমে উল্লেখযোগ্য ফলাফল আসার সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, কূটনৈতিক প্রক্রিয়াকে সফল হওয়ার সুযোগ দিতে প্রেসিডেন্ট ট্রাম্পকে সময়সীমা আরও দুই সপ্তাহ বাড়ানোর জন্য তিনি আন্তরিক অনুরোধ জানিয়েছেন।
একইসঙ্গে তেহরানের প্রতি ‘সদিচ্ছার নিদর্শন’ হিসেবে ওই সময় হরমুজ প্রণালি খোলা রাখার আহ্বান জানান তিনি।
শাহবাজ শরিফ বলেন, অঞ্চলের দীর্ঘমেয়াদি শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে যুদ্ধরত সব পক্ষকে আগামী দুই সপ্তাহ সর্বত্র যুদ্ধবিরতি পালনের আহ্বান জানানো হচ্ছে। এতে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংঘাতের একটি চূড়ান্ত সমাধান সম্ভব হতে পারে।