ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক আগ্রাসন এবং দেশটির বেসামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু করতে ডোনাল্ড ট্রাম্প যে হুমকি দিয়েছেন, তার বিরুদ্ধে মার্কিন কংগ্রেস সদস্যদের প্রতিবাদের ঝড় ক্রমশ তীব্র হচ্ছে।
এবার সেই তালিকায় যোগ দিলেন অ্যারিজোনার প্রভাবশালী ডেমোক্রেটিক সিনেটর ও সাবেক মহাকাশচারী মার্ক কেলি। আলজাজিরা মঙ্গলবারের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
তিনি সতর্ক করে বলেছেন, ইরানের বিদ্যুৎকেন্দ্র, সেতু বা অন্যান্য বেসামরিক স্থাপনায় হামলা চালানো হবে মার্কিন সামরিক বাহিনী এবং গোটা আমেরিকার জন্য একটি ‘কলঙ্কজনক অধ্যায়’।
আলজাজিরা প্রতিবেদনের তথ্য মতে, পদকপ্রাপ্ত নৌ-পাইলট হিসেবে যুদ্ধক্ষেত্রে অভিজ্ঞ এই সিনেটর ট্রাম্পের হুমকিকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘যদি এই হুমকিগুলো কোনো বৈধ সামরিক উদ্দেশ্য ছাড়াই বেসামরিক অবকাঠামো ধ্বংস করার আদেশে পরিণত হয়, তবে তা যে সশস্ত্র সংঘাতের আইন লঙ্ঘন করবে না, তা ভাবা কঠিন।’
মার্ক কেলি বলেন, ‘বিদ্যুৎকেন্দ্র বা বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলার হুমকি দেওয়া কোনো শক্তির পরিচয় নয়। আমেরিকা সব সময় শক্তি, শৃঙ্খলা ও পেশাদারির মাধ্যমেই বিশ্বকে নেতৃত্ব দিয়ে আসছে।
তিনি আরো যোগ করেন, ‘বেসামরিক নাগরিকদের চরম ভোগান্তিতে ফেলার মতো কোনো অবৈধ আদেশ আমাদের সামরিক বাহিনীর ঐতিহ্যের পরিপন্থী।’
উল্লেখ্য, ইরানের পক্ষ থেকেও সম্প্রতি জানানো হয়েছে, তারা কোনো সাময়িক যুদ্ধবিরতি নয়, বরং আঞ্চলিক স্থায়ী শান্তি চায় এবং যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দিতে প্রস্তুত।
শীর্ষনিউজ