ইসরাইলের বন্দর নগরী হাইফায় ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ফিলিপিনো নারী রয়েছেন। গত রোববার রাতের এই হামলার খবরটি নিশ্চিত করেছে ফিলিপাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়েছে, নিহত ফিলিপিনো নারী হাইফাতে বসবাস করতেন। হামলায় তিনিসহ তার ইসরাইলি স্বামী এবং বৃদ্ধ শ্বশুর-শাশুড়ি প্রাণ হারিয়েছেন।
ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, রোববার গভীর রাতে একটি আবাসিক ভবনে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রটি সরাসরি আঘাত হানে। এতে ভবনটি ধসে পড়লে ওই পরিবারের চার সদস্য চাপা পড়েন।
সোমবার ইসরাইলি সামরিক বাহিনী জানায়, ধ্বংসস্তূপের নিচে কয়েক ঘণ্টা উদ্ধার অভিযান চালানোর পর তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
তেল আবিবে নিযুক্ত ফিলিপাইন দূতাবাস জানিয়েছে, তারা ইতোমধ্যে নিহতের পরিবারকে বিষয়টি অবহিত করেছে। বর্তমান প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ওই নারীর মরদেহ দ্রুত স্বদেশে ফিরিয়ে আনার জন্য সব ধরনের কূটনৈতিক ও প্রশাসনিক সহায়তা প্রদান করা হচ্ছে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে ফিলিপাইন সরকার। সূত্র- আল-জাজিরা
শীর্ষনিউজ