যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসের অত্যন্ত কাছে ব্যাপক গুলির শব্দ শোনা গেছে। স্থানীয় সময় রোববার (৫ এপ্রিল) সকালে এই ঘটনার তদন্ত শুরু করেছে মার্কিন সিক্রেট সার্ভিস।
সোমবার (৬ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
সংস্থাটি জানিয়েছে, শনিবার মধ্যরাতের ঠিক পরে ওয়াশিংটন ডিসির লাফায়েট পার্ক এলাকায় গুলির খবরের প্রেক্ষিতে কর্মকর্তারা সেখানে পৌঁছান। তারা প্রেসিডেন্ট বাসভবনের ঠিক উত্তরে অবস্থিত ওই পার্ক এবং এর আশপাশের এলাকায় তল্লাশি চালিয়েছেন।
সিক্রেট সার্ভিস জানিয়েছে, কোনো সন্দেহভাজনকে পাওয়া যায়নি এবং কেউ আহত হওয়ার খবরও পাওয়া যায়নি। সংস্থাটি এবং তাদের সহযোগীরা একটি সম্ভাব্য যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে।
কোথায় ছিলেন ট্রাম্প
এই সপ্তাহের ছুটির দিনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন ডিসিতে ছিলেন। সিক্রেট সার্ভিস জানিয়েছে, হোয়াইট হাউসের কার্যক্রম স্বাভাবিক রয়েছে তবে ‘নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে’।
প্রেসিডেন্ট সাধারণত ফ্লোরিডায় তার মার-এ-লাগো এস্টেটে সাপ্তাহিক ছুটি কাটালেও এই সপ্তাহে তিনি রাজধানীতেই অবস্থান করছিলেন।
সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্থনি গুগলিয়েলমি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ জানিয়েছেন, তদন্তের স্বার্থে এলাকার কিছু রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল, তবে পরে সেগুলো আবার খুলে দেওয়া হয়েছে।
হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চুং জানিয়েছেন, ট্রাম্প এই ইস্টার সানডের ছুটিতে হোয়াইট হাউস এবং ওভাল অফিসে নিরলসভাবে কাজ করছেন।