Image description

দক্ষিণ লেবাননে স্থল অভিযানে নিয়োজিত ইসরায়েলি সেনারা অমানবিক পরিস্থিতির মুখোমুখি বলে অভিযোগ করেছেন তাদের পরিবার। এ ঘটনায় তারা গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন।

শুক্রবার (৩ এপ্রিল) এ সংবাদ প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।

গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, দক্ষিণ লেবাননে স্থল অভিযানে নিয়োজিত ইসরায়েলি সেনাদের পরিবারগুলো তাদের সন্তানদের বর্তমান অবস্থা নিয়ে উদ্বিগ্ন। তারা মনে করছেন যে এসব সেনাদেরকে একটি ‘অযৌক্তিক’ ও ‘অমানবিক’ পরিস্থিততির মধ্যে ফেলা হয়েছে।

এ বিষয়ে তারা ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, ইসরায়েলি সেনারা দক্ষিণ লেবাননে পর্যাপ্ত রসদ এবং বিমান সহায়তা ছাড়া সরাসরি শত্রুপক্ষের গোলাগুলির মুখোমুখি হচ্ছেন। সেখানে তারা একটি নির্মম পরিস্থিতির মুখোমুখি।

বৃহস্পতিবার দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, স্থল অভিযানে অংশ নেওয়া সেনাদের পরিবারগুলোর দাবি—তাদের সন্তানরা সীমিত সম্পদ ও বিমানবাহিনীর সহায়তা ছাড়া লড়াই চালিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর ‘নাহাল’ রিকনেসান্স ইউনিটের সেনাদের পরিবারগুলো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে একটি চিঠি পাঠিয়েছে। চিঠিতে তারা জানিয়েছেন, ইসরায়েলি সেনারা দক্ষিণ লেবাননে মারাত্মক ক্ষয়ক্ষতির শিকার হচ্ছেন। সম্প্রতি হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে চার সেনা নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনার প্রেক্ষিতে এই ক্ষোভ আরও বেড়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এবং সামরিক নেতাদের উদ্দেশে পাঠানো ওই চিঠিতে পরিবারগুলো আরও অভিযোগ করেছে, ইসরায়েলি বিমানবাহিনী স্থল সেনাদের সহায়তা দেওয়ার পরিবর্তে ইরান-সংশ্লিষ্ট অভিযানগুলোতে বেশি মনোনিবেশ করছে।