Image description

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বিশেষ ভাষণের পরই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। বৃহস্পতিবার (২ এপ্রিল) ভোরে এই হামলা করা হয় বলে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ ও আনাদোলু এজেন্সি নিশ্চিত করেছে।

 

গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, বৃহস্পতিবার ভোর থেকে উত্তর ইসরায়েলের বিস্তীর্ণ এলাকাজুড়ে ক্ষেপণাস্ত্র/রকেট হামলার সাইরেন বেজে ওঠে। চ্যানেল ১২ জানিয়েছে, ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব ক্ষেপণাস্ত্র রুখে দেওয়ার চেষ্টা করছে। অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের দাবি, ট্রাম্পের ভাষণের কয়েক মিনিটের মধ্যেই তাদের ক্ষেপণাস্ত্রগুলো বন্দর নগরী হাইফায় আঘাত হেনেছে।

 

এর আগে হোয়াইট হাউস থেকে দেওয়া এক টেলিভিশন ভাষণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের হাতে এখন খুব কম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক অবশিষ্ট আছে। তিনি জানান, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সক্ষমতা ব্যাপক হারে হ্রাস পেয়েছে। দেশটির বিরুদ্ধে এই যুদ্ধ আরও দুই থেকে তিন সপ্তাহ চলতে পারে। তিনি মনে করেন ইরান যুদ্ধ শেষ পর্যায়ে রয়েছে।

 

২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বড় আকারের হামলার পর থেকে আঞ্চলিক উত্তেজনা আরও বেড়েছে। এ আক্রমণে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। এ ছাড়া ১৫০ জনেরও বেশি স্কুলছাত্রী এবং ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাসহ ১ হাজার ৪০০ জনেরও বেশি মানুষ মারা যান।

 

ইরানও পাল্টা হামলা চালিয়ে প্রতিশোধ নিয়েছে। দেশটি মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি, কূটনৈতিক স্থাপনা এবং সামরিক কর্মীদের লক্ষ্য করে আক্রমণ করেছে। ইসরায়েলি শহরগুলোতেও ব্যাপক হামলা চালিয়েছে ইরানি সেনারা। এছাড়া সংযুক্ত আরব আমিরাতসহ উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এসব হামলায় জান-মালের ক্ষতির পাশাপাশি অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। এর ফলে বিশ্ববাজার এবং বিমান যোগাযোগ ব্যবস্থায় অস্থিরতা বিরাজ করেছে। বিশেষ করে হরমুজ প্রণালি অবরোধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতা চলছে।