Image description

মার্কিন সিনেটর ক্রিস মারফি বলেছেন, ইরানের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের 'কোনো কৌশল নেই' এবং যুক্তরাষ্ট্র 'শোচনীয় ও লজ্জাজনকভাবে এই যুদ্ধে হেরে যাচ্ছে'। সিনেটের পররাষ্ট্র সম্পর্ক কমিটির একজন শীর্ষস্থানীয় সদস্য মারফি সেই ক্রমবর্ধমান আইনপ্রণেতাদের মধ্যে একজন, যারা ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করার আহ্বান জানাচ্ছেন। এই অভিযানটি ইতোমধ্যে দ্বিতীয় মাসে প্রবেশ করেছে।

সামাজিক মাধ্যম এক্সে (X) ধারাবাহিক পোস্টে মারফি লিখেছেন, “কৌশলের অনুপস্থিতিতে রণকৌশলের কোনো মূল্য নেই। এ কারণেই হাজার হাজার উত্তর ভিয়েতনামি বা তালেবানকে হত্যা করার 'রণকৌশলটি' আমাদের শত্রুদের সাহায্য করা ছাড়া আর কিছুই করেনি। সেই রণকৌশলগুলো কোনো বৃহত্তর কৌশলের অংশ ছিল না।” তিনি আরও লেখেন, “ইরানের ক্ষেত্রেও একই ঘটনা ঘটছে। আমাদের রণকৌশল ব্যর্থ হচ্ছে এবং এ কারণেই ইরান সফল হচ্ছে।”

তিনি আরও উল্লেখ করেন যে, যদিও যুক্তরাষ্ট্র ইরানের অনেক আকাশ ও নৌ-সক্ষমতা ধ্বংস করেছে, কিন্তু তারা দেশটির সব ড্রোন এবং আত্মঘাতী বোট ধ্বংস করতে পারেনি, যার ফলে হামলা এখনও অব্যাহত রয়েছে। মারফি সতর্ক করে বলেন, এই যুদ্ধ শুধুমাত্র “আরও শক্তিশালী একটি চীন-ইরান জোট” তৈরি করবে।