Image description

ইরানের কোম শহরের একটি আবাসিক এলাকায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে চালানো এই ভয়াবহ হামলায় আহত হয়েছেন আরো ১০ জন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা স্থানীয় সূত্রের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে।

ইরানের ফার্স নিউজ এজেন্সি ও তাসনিম নিউজ জানিয়েছে, কোম শহরের পার্দিসান এলাকার একটি আবাসিক অঞ্চলকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

প্রথমে নিহতের সংখ্যা ৬ জন জানানো হলেও পরবর্তীতে তা বেড়ে ১৮ জনে দাঁড়ায়।

 

হামলার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি। সংস্থাটি জানিয়েছে, ক্ষতিগ্রস্ত আবাসিক এলাকা থেকে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

রেড ক্রিসেন্টের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে শুরু হওয়া মার্কিন-ইসরায়েলি হামলায় দেশটিতে নিহতের সংখ্যা ১ হাজার ৯০০ ছাড়িয়েছে।

সামগ্রিক সংঘাতে এখন পর্যন্ত অন্তত ২০ হাজার ইরানি প্রাণ হারিয়েছেন বলে জানানো হয়েছে।

 

সূত্র : আল জাজিরা