Image description

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) সাধারণ মানুষকে মার্কিন সামরিক ঘাঁটির আশপাশের এলাকা দ্রুত ত্যাগ করার আহ্বান জানিয়েছে।

এক বিবৃতিতে আইআরজিসির জনসংযোগ শাখা জানায়, ‘আমরা আপনাদের জোরালো পরামর্শ দিচ্ছি যে, যেখানে মার্কিন বাহিনী মোতায়েন রয়েছে, সেসব এলাকা আপনারা অবিলম্বে ত্যাগ করুন, যাতে আপনাদের কোনো ক্ষতি না হয়।’ 

 

বিবৃতিতে আরো বলা হয়, মার্কিন সেনাদের ‘যেখানেই পাওয়া যাবে’, সেখানেই তাদের লক্ষ্যবস্তু করা আইআরজিসির ‘পবিত্র দায়িত্ব’।

 

এদিকে বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতভর ইরানজুড়ে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ শুক্রবার সকালে জানিয়েছে, তেহরানে ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রে হামলা চালিয়েছে তারা। এ ছাড়া, ইয়াজদে সামুদ্রিক মাইন তৈরির একটি স্থাপনায়ও হামলা চালানো হয়েছে।

অন্যদিকে, ইসরায়েলের বিরুদ্ধেও হামলা অব্যাহত ছিল। উপকূলীয় শহর নেতানিয়ার আকাশে রকেটের ধোঁয়ার রেখা দেখা গেছে ছবিতে।

লেবাননের গণমাধ্যমের তথ্য, বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোতে হামলা চালিয়েছে ইসরায়েল। কুয়েতের প্রধান বাণিজ্যিক বন্দরে ড্রোন হামলা হয়েছে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ‘শত্রুপক্ষের’ ড্রোন হামলায় ‘জিনিসপত্রের ক্ষয়ক্ষতি’ হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে, ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্যে অতিরিক্ত ১০ হাজার স্থলসেনা পাঠানোর বিষয়টি বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সূত্র : আলজাজিরা, বিবিসি বাংলা