ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি যুক্তরাষ্ট্রের একপক্ষীয় দাবির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন, যেখানে ইরানকে 'সংযম' দেখাতে এবং প্রতিশোধমূলক হামলা বন্ধ করতে বলা হচ্ছে। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি শাসকগোষ্ঠী, তাই এই বাস্তবতা অবমূল্যায়ন করা উচিত নয়।
আরাকচি বৃহস্পতিবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস-এর সঙ্গে ফোনালাপে সাম্প্রতিক পরিস্থিতি ও নিরাপত্তা ও মানবিক প্রভাব নিয়ে আলোচনা করেন। তিনি মার্কিন ও ইসরায়েলি হামলায় স্কুল, হাসপাতাল, সাংস্কৃতিক ও ঐতিহাসিক স্থানসহ অপ্রতিরক্ষিত লক্ষ্যগুলো আক্রান্ত হওয়ার ঘটনা তুলে ধরেন এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য দায়িত্ব নেয়ার আহ্বান জানান।
তিনি হরমুজ প্রণালীতে নিরাপত্তা ও নৌ চলাচল নিয়ন্ত্রণ ইরানের 'আইনি অধিকার' হিসেবে উল্লেখ করেছেন এবং জাতিসংঘের সক্রিয় পদক্ষেপের দাবি জানান।
জাতিসংঘ মহাসচিব গুতেরেস অঞ্চলটিতে যুদ্ধ ও হত্যার অব্যাহত থাকার ওপর গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং জাতিসংঘের নীতি অনুযায়ী জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা সম্মানের আহ্বান জানান। তিনি মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ প্রতিনিধি হিসেবে জাঁ আরনল্ট-কে নিয়োগের ঘোষণা দেন।
ফেব্রুয়ারি ২৮ তারিখে ইসলামিক বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং কয়েকজন উচ্চপদস্থ সেনা ও বেসামরিকদের হত্যার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালায়। উত্তরে ইরানি সেনারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে।
শীর্ষনিউজ